হিজবুত তাহরীরের আইটি বিশেষজ্ঞ গ্রেফতার

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৪৪

ইত্তেফাক রিপোর্ট

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের আইটি শাখার এক বিশেষজ্ঞকে গ্রেফতার করা হয়েছে। তার নাম রিয়াজ উদ্দিন। বৃহস্পতিবার সকালে ঢাকার কেরানীগঞ্জের শুভাড্যা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট। গ্রেফতার রিয়াজ উদ্দিন হিজবুত তাহরীরের গুরুত্বপূর্ণ সমন্বয়কদের একজন সংগঠক এবং আইটি বিশেষজ্ঞ। তার বিরুদ্ধে সেনা সমর্থন আদায়ের মাধ্যমে সরকার উত্খাত করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।

পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান জানান, এন্টি টেরোরিজম ইউনিট গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হিজবুত তাহরীরের সমন্বয়ক রিয়াজকে শনাক্ত করে। তিনি গত তিনবছর ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কেরানীগঞ্জ, শ্যামপুর, দনিয়া ও গেন্ডারিয়া এলাকায় হিজবুত তাহরীরের সমন্বয়ক হিসেবে কার্যক্রম চালিয়ে আসছিলেন। বর্তমান সরকারকে ‘উত্খাত’ করে খিলাফত প্রতিষ্ঠা করার আন্দোলনে মাঠ পর্যায়ে সংগঠনের ভূমিকা পালন করার পাশাপাশি রিয়াজ অনলাইনভিত্তিক হিজবুত তাহরীরের প্রচারণা, সদস্য সংগ্রহ ও নানাবিধ কার্যক্রম পরিচালনা করছিলেন। সরকার বিরোধী ষড়যন্ত্র করায় রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে।