রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের পাশে চিত্রশিল্পীরা

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৪৮
সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে দেশের চিত্রশিল্পীরা। ‘মানুষ মানুষের জন্য’ শিরোনামে বিশেষ চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে গ্যালারি চিত্রক। গতকাল শনিবার গ্যালারি চিত্রকে সাতদিনের এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পপতি অঞ্জন চৌধুরী ও মনিরা মুন্নী চৌধুরী। এ সময় গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক শিল্পী মুনিরুজ্জামান উপস্থিত ছিলেন। শিল্পীরা হলেন সফিউদ্দিন আহমেদ, কাইয়ুম চৌধুরী, মুর্তজা বশীর, সৈয়দ জাহাঙ্গীর, তাহেরা খানম, সমরজিত্ রায় চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুল মান্নান, আবুল বারক্ আলভী, হামিদুজ্জামান খান, আবদুশ শাকুর শাহ, বীরেন সোম, শহীদ কবির, নাসিম আহমেদ নাদভী, নাইমা হক, জামাল আহমেদ, নাসরিন বেগম, মুস্তাফিজুল হক, মোহাম্মদ ইউনুস, শামসুদ্দোহা, নিসার হুসেন, ওয়াকিলুর রহমান, শেখ আফজাল, মনিরুজ্জামান, খালিদ মাহমুদ মিঠু, কনকচাপা চাকমা, আহমেদ নাজির, মোহাম্মদ ইকবাল, জহির উদ্দিন, রশীদ আমিন, কাজী সালাউদ্দিন আহমেদ, তুষার, আনিসুজ্জামান, শাহজাহান আহমেদ বিকাশ, দুলাল চন্দ্র গাইন, সাফিন ওমর, এ এইচ ঢালি তমাল, চঞ্চল কর্মকার, আবদুস সাত্তার তৌফিক ও শহীদ কাজী। প্রদর্শনীর মাধ্যমে সংগৃহীত সমুদয় অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চারুশিল্পীদের পক্ষ থেকে প্রদান করা হবে। প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। বেঙ্গল শিল্পালয়ে ছাপচিত্র প্রদর্শনী ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘ঢাকা প্রিন্টমেকার্স’দের ‘উত্থানপর্ব’ শীর্ষক প্রদর্শনী। প্রায় দুই যুগ আগে পাঁচ শিল্পী মিলে চালু করেছিলেন এই গ্রুপ। দুবছর পর থেমে যায় তাদের কার্যক্রম। বিশ বছর পরে নতুন করে যাত্রা শুরু করলো ‘ঢাকা প্রিন্টমেকার্স’। ঢাকা প্রিন্টমেকার্সের সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের প্রধান রোকেয়া সুলতানা, শিল্পী আহমদ নাজির, ‘শিল্পপ্রভা’ সম্পাদক রফি হক, ইউডার চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ও এমএফএ প্রোগ্রামের কো-অর্ডিনেটর রশীদ আমিন এবং শিল্পী মুস্তাফা জামান শিল্পবিষয়ক ম্যাগাজিন ‘ডেপার্ট’র সম্পাদক। সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আবুল বার্ক আলভী ও এপেক্স এডেলকি ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মনজুর। ১২ দিনের এই প্রদর্শনী চলবে ১৯ জুন পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রর্দশনী সবার জন্য খোলা থাকবে। ঐতিহ্যের বই উত্সবে পাঠকের বিপুল সাড়া রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের উন্মুক্ত চত্বরে শুরু হয়েছে ঐতিহ্য বই উত্সব। আয়োজক প্রকাশনা সংস্থা ঐতিহ্য। গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে সৃজনশীল প্রকাশনা সংস্থা ঐতিহ্যে’র ১৩ বছর পূর্তিতে শুরু হলো মাসব্যাপী এই উত্সব। আয়োজকেরা জানান, ঐতিহ্য প্রকাশিত ৯ শতাধিক বই বিশেষ ছাড়ে কেনা যাবে। এসব প্রকাশনার ওপর রয়েছে ২৫% থেকে ৬০% পর্যন্ত মূল্যছাড়। উত্সবে পাঠকেরা বই কিনতে পারবেন প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত। সিনেমা ব্যানার পেইন্টিং কর্মশালা চলচ্চিত্র প্রদর্শন এবং বিপণনের সঙ্গে সিনেমার ব্যানার ওতপ্রোতভাবে জড়িত। সিনেমার ব্যানার শিল্পীরা নিজেদের মেধা ও মনন দিয়ে সিনেমার ব্যানার তৈরিকে একটি বিশিষ্ট শিল্পমাধ্যমে পরিণত করেছে। কিন্তু বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের দুর্দশার মতোই সিনেমার ব্যানার শিল্পেও দুর্দশা শুরু হয়েছে বেশ আগেই। সময়ের আবর্তনে বর্তমানে শিল্পটি বিলুপ্তির পথে। এই বিলুপ্তপ্রায় শিল্পমাধ্যমটির গুরুত্বের কথা বিবেচনা করে গতকাল শনিবার রাজধানীর গুলশানের নিকেতনে গ্যালারী জলরঙে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী সিনেমা ব্যানার পেইন্টিং কর্মশালা। সিনেমার ব্যানার নির্মাণের কৃেকৗশল, রঙের ব্যবহার ইত্যাদি বিষয় হাতে- কলমে শেখানো হবে এই কর্মশালায়। এটি চলবে ১১ জুন পর্যন্ত। কর্মশালাটি পরিচালনা করছেন সিনেমা ব্যানারচিত্রী মোহাম্মদ সোয়েব ও মোহাম্মদ হানিফ পাপ্পু এবং কিউরেট করছেন শাওন আকন্দ। কর্মশালাটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী সুকুমার পাল। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন ভারতের সুজয় মালাকার (শান্তিনিকেতন), বিনয় পাল (শিলচর) এবং বাংলাদেশের তাহিমনা হাফিজ লিসা, মেহেরুন আক্তার, শাওন আকন্দ, পলাশ চৌধুরী, শক্তি নোমান, রঞ্জন রায়, ফযলে মুনিম, মধুমন্ডল, অঞ্জন রায়।