এনটিভিতে আজ রাত ৯টা ০৫ মিনিটে প্রচার হবে নাটক ‘ল্যাবরেটরি’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। হাসান রেজাউলের পরিচালনায় এতে অভিনয় করেছেন তারিন, আজাদ আবুল কালাম, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। নন্দ কিশোর বাবু ব্যবসায়ী মানুষ হলেও নিজ আগ্রহে গড়ে তোলেন একটি ল্যাবরেটরি। পাঞ্জাবে ব্যবসায়িক কাজে গিয়ে পরিচয় হয় সোহিনী নামে এক তরুণীর সঙ্গে। পরিচয় থেকে ভালোলাগা এবং বিয়ে। তাদের একটি মেয়ের জন্ম হয়, নাম নীলা। কিছুদিন পর নন্দবাবু মারা গেলে ল্যাবরেটরির সকল দায়িত্ব এসে পড়ে সোহিনীর কাঁধে। তাঁর ইচ্ছে এখানে কাজ করে ছেলেমেয়ে দেশ-বিদেশে নাম করুক। এ নিয়ে মা মেয়ের মধ্যে মানসিক দ্বন্দ্ব শুরু হয়। ল্যাবরেটরির জন্য একজন ভালো ছেলে খোঁজে। বিজ্ঞানের অধ্যাপক মন্মথ চৌধুরী সোহিনীর খুব ভালো বন্ধু। তিনি রেবতী ভট্টাচার্য নামে তাঁর প্রিয় ছাত্রের খোঁজ দেয়। সাক্ষাতের পর সোহিনী ওই ছেলেকেই ল্যাবরেটরির দায়িত্ব অর্পণ করে।
