সাভার-আশুলিয়া অঞ্চলে সাদা পোশাকে পুলিশি কার্যক্রম বন্ধ

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৫০
সাভারের হেমায়েতপুরে ব্যবসায়ী শামীমকে নির্যাতন করে হত্যা করার ঘটনায় সাভার ও আশুলিয়া অঞ্চলে সাদা পোশাকধারী পুলিশের (সিভিল টিম) কার্যক্রম বন্ধ করা হয়েছে। অপরদিকে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ১১ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সাভার আশুলিয়া অঞ্চলে সাদা পোশাকধারী পুলিশের অত্যাচারে অতিষ্ঠ ছিল এ অঞ্চলের জনগণ। সাধারণ লোকদের আটক করে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে তারা আদায় করতো লাখ লাখ টাকা। এছাড়াও হেমায়েতপুর ট্যানারি নগরীর পাশে পুলিশ ফাঁড়িটি ছিল মূলত একটি ‘টর্চার সেল ও ঘুষ আদায় কেন্দ্র’। সাভার সার্কেলের এএসপি মশিউদদৌলা রেজা ফাঁড়ি থেকে ১১ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে সাভার থানায় আনার বিষয়টি ও সাদা পোশাকধারী পুলিশের কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে হত্যা মামলার আসামি গ্রেফতারকৃত এসআই এমদাদ ও আকিদুল ইসলাম এবং সিপাই ইউসুফ, মোজাম্মেল ও রমজান ৫ দিনের রিমান্ডে সাভার থানায় রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।