বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এক্সপেরিমেন্ট থিয়েটার হলে আজ সন্ধ্যায় মঞ্চায়িত হবে ‘নাটকচক্র’ প্রযোজিত নাটক ‘একা এক নারী’। এই একক নাটকটিতে অভিনয় করবেন তনিমা হামিদ। নাট্যচক্রের এই নাটকটি নির্দেশনা দিয়েছেন দেবপ্রসাদ দেবনাথ। ইতালির নোবেল বিজয়ী সাহিত্যিক নাট্যকার ও অভিনেতা দারিও ফো এবং ফ্রাংক রামে রচিত এ উমেন অ্যালোন নাটকটি অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সালাম। নগর সংস্কৃতির আধুনিক জেল একটি বহুতল ভবনের ফ্ল্যাটে তালাবদ্ধ নিঃসঙ্গ নারী মারিয়া সংলাপের পর সংলাপ সাজিয়ে তাঁর দুঃখ, নির্যাতন, সহ্য-অসহ্য, ভালোবাসা, আশা-নিরাশার দোলাচালে গেঁথে নিয়ে চলেন দর্শকদের। সময় বদলালেও যে গল্পগুলো একই থেকে যায় ‘এক একা নারী’ তেমনই একটি প্রাসঙ্গিক উপস্থাপনা হয়ে আন্দোলিত করে দর্শকদের।
