চট্টগ্রামে হেলে পড়েছে ছয়তলা ভবন

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৫৫
নগরীর ষোলশহর শ্যামলী আবাসিক এলাকায় গতকাল শনিবার কোহিনূর ম্যানসন নামে একটি ছয়তলা আবাসিক ভবন হেলে পড়েছে। এ ঘটনায় হেলে পড়া ভবনসহ আশপাশের ভবনের বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে সবাই রাস্তায় নেমে আসে। তবে কোন লোক হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবন বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্য প্রবাসী মাহাবুবুর রহমান ২০০২ সালে এই ছয়তলা ভবনটি নির্মাণ করেন। ভবনের ১২টি ফ্ল্যাটের মধ্যে একটিতে ভবন মালিকের পরিবার ও বাকিগুলোতে ভাড়াটিয়ারা থাকেন। ভবনটি গতকাল দুপুরে হঠাত্ হেলে পড়ার খবর পেয়ে পাঁচলাইশ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস, সিডিএ, পিডিবি, কর্ণফুলী গ্যাস ও ওয়াসাকে খবর দেয়। পুলিশের এসআই মিজান বলেন, ভবনটি সামান্য হেলে পড়েছে। কোন মানুষ হতাহত হয়নি। ভবন বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে অন্যত্র। এছাড়াও পানি, বিদ্যুত্, গ্যাস সংযোগ ভবন থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।