ফুলবাড়ী উপজেলার গোড়কমন্ডল সীমান্ত থেকে গতকাল শনিবার ভোরে বাংলাদেশি ২ স্কুল ছাত্রকে বিএসএফ ধরে নিয়ে গেছে। বিজিবি’র পক্ষ থেকে গতকাল সকালে তাদের ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য পত্র পাঠালেও বিএসএফ কোন সারা দেয়নি। আটককৃতরা হলো—ফুলমতি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র মিজানুর রহমান (১৩) ও ৭ম শ্রেণীর ছাত্র আল আমিন (১২)।
বিএসএফের কাছে আটক ২ স্কুল ছাত্র গোরকমন্ডল সীমান্তবর্তী উচাটারী গ্রামের মো. ইসলাম হক ও আবুল হোসেনের পুত্র। বিজিবি ও সীমান্তবাসী সূত্রে জানা যায়, গোড়কমন্ডল সীমান্তের কাছে নিজ বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করার সময় হরিদাস খামার ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে ভারতে নিয়ে যায়।
