দিদিয়ের দ্রগবা জানিয়েছেন, চেলসিতে তার সাবেক দলসঙ্গী ফ্রাঙ্ক ল্যাম্পার্ড তার ক্যারিয়ারে অনেক বেশি প্রভাব ফেলেছেন। চেলসিতে ল্যাম্পার্ডের সাথে আট বছর একসাথে খেলেন দ্রগবা। দুই জনের এই বোঝাপড়ার ফসল ২০১২ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়। উভয়ে প্রিমিয়ার লিগে একে অপরকে ৩৬ বার গোলের সুযোগ করে দেন। গোল করা এবং করানোর ক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগে এখনো এটাই সর্বোচ্চ রেকর্ড। টোকিওতে ইওকোহামা সমর্থকদের এক অনুষ্ঠানে আইভরি কোস্টের এই খেলোয়াড়টি তার সাবেক সঙ্গীর ভুয়সী প্রশংসা করেন। সম্প্রতি পেশাদার ফুটবলার হিসেবে অবসর নেওয়া দ্রগবা বলেন, ‘একজন খেলোয়াড়ই আছে যাকে আমি অন্যদের চাইতে এগিয়ে রাখবো। কারণ আমার অধিকাংশ গোলই এসেছে তার কাছ থেকে। এ খেলোয়াড়টি হলেন ল্যাম্পার্ড।’
