তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
সমপ্রতি তালা উপজেলাসহ সাতক্ষীরার আশেপাশের এলাকায় বিরাজ করছে ছেলে-মেয়ে ধরা আতঙ্ক। সাধারণ মানুষও বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ-উত্কণ্ঠার মধ্যে রয়েছেন। বোরখা বাহিনী নামে একটি বিশেষ বাহিনী নাকি ছদ্মবেশে গ্রামে প্রবেশ করে শিশুদের প্রলোভন দেখিয়ে ধরে নিয়ে যাচ্ছে। তবে কারো ধরে নিয়ে গেছে এমন খবর দিতে পারেনি কেউ। আবার বোরখা বাহিনীর কোনো সদস্যকে হাতেনাতে ধরতেও পারেনি কেউ। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নাগাল পাচ্ছে না এ বাহিনীর।
সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজাজাদুর রহমান ইতোমধ্যে জনগণকে সচেতন করার জন্য গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সাতক্ষীরা জেলায় ‘বাচ্চা ধরা’ নিয়ে একটি মিথ্যা তথ্য বা গুজব মানুষের মুখে মুখে ও বিভিন্ন সোস্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। এ ধরনের কোনো বস্তুনিষ্ঠ তথ্য নেই। এটা নিছক একটি গুজব এবং মিথ্যাচার। এ ব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। গুজবে কান না দেয়ার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল জানান, এমন গুজব আমরাও শুনছি। যে সকল গ্রাম থেকে এমন তথ্য দেওয়া হচ্ছে সে সকল জায়গায় গিয়ে কোনো সত্যতা পাওয়া যাচ্ছে না। এটা নিছক গুজব। তবে যদি এমন কোনো সঠিক সংবাদ দিতে পারেন তাহলে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
