ঈশ্বরদীতে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে চলছে ভারী যানবাহন!

আপডেট : ১০ মে ২০১৯, ২২:১০

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের খড়ের দাইড় এলাকায় এরশাদ মোড়ে ঝুঁকি নিয়েই সেতুর ওপর দিয়ে চলছে ভারী যানবাহন। ছোট এই সেতুটি (টেপাগাড়ি কোলের মুখে) ভেঙে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটি পুনঃনির্মাণ দাবি করেছেন এলাকাবাসী, যানবাহনের চালক ও যাত্রীরা।

সেতু সংলগ্ন পাড়ার সিরাজ প্রামাণিক জানান, সেতুটি যেসময় নির্মাণ করা হয় তখন ভারী যানবাহনের চলাচল ছিল না। এখন প্রতিদিনই সেতুর উপর দিয়ে ১০ চাকাওয়ালা ট্রাকসহ ছোট-বড় শত শত যানবাহন চলাচল করছে। সেতুর চতুর্দিক ভেঙে গেছে। বড় বড় ফাটলের মাঝে নানা রকম গাছ গজিয়েছে। যেকোনো সময় সেতুটি  ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণ করা প্রয়োজন।

এলাকাবাসী রানা ও শিপন জানান, সেতুটি এই অঞ্চলের ছয়টি গ্রামের সংযোগ। এটি ভেঙে পড়লে এই গ্রামবাসীর অন্তত ১০-১২ কিলোমিটার ঘুরে চলাফেরা করতে হবে।

ছলিমপুর ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা জানান, সেতুটি অনেক পুরনো হয়ে গেছে। নতুন করে নির্মাণ করার জন্য স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী অফিসে যোগাযোগ করা হবে।

উপজেলার স্থানীয় সরকার বিভাগের প্রকৌশলী ঈশ্বরদী এনামুল কবির জানান, সেতুটি নির্মাণের জন্য চাহিদাপত্র জরুরি ভিত্তিতে প্রেরণ করা হবে।