রাজধানীতে শিবিরের ঝটিকা মিছিল গাড়ি ভাংচুর

আপডেট : ০৯ জুন ২০১৩, ২২:৪৬
রাজধানীর পল্টন এলাকায় গতকাল রবিবার দুপুরে জামায়াত-শিবির কর্মীরা ঝটিকা মিছিল করেছে। এ সময় মাত্র ৫-১০ মিনিটের মধ্যে মিছিলকারীরা দুটি সংবাদপত্রের গাড়িসহ ১৫-২০টি গাড়ি ভাংচুর করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। পরে পুলিশ আসার আগেই মিছিলকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় পুলিশ কাউকেই আটক করতে পারেনি। উল্লেখ্য, আদালত অবমাননার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াত নেতা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ ও সেলিম উদ্দিনের বিরুদ্ধে জেল-জরিমানা করার প্রতিবাদে দলীয়ভাবে আজ সোমবার সারাদেশে হরতাল পালনের ঘোষণা দেয় দলটি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর তিনটার দিকে বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকায় হঠাত্ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি বিজয় নগর পানির ট্যাঙ্কির সামনের মোড়ে পৌঁছালে মিছিলকারীরা এলোপাতাড়ি গাড়ি ভাংচুর শুরু করে। এদিকে হরতালের সমর্থনে গতকাল বিকাল চারটায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় বিক্ষোভ মিছিল করেছে উত্তরা পশ্চিম থানা জামায়াত।