জাকাত ফান্ডের টাকা আত্মসাত্
ইত্তেফাক রিপোর্ট
বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন ও রাজধানীর যাত্রাবাড়ীতে আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জাকাত ফান্ড এবং মসজিদের ইমামদের কাছ থেকে পাওয়া টাকা আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে গতকাল এ অভিযান চালিয়েছে দুদক।
দুদকের জনসংযোগ বিভাগ জানায়, নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মহিউদ্দিন জেলার জাকাত ফান্ড এবং প্রত্যেক মসজিদে কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা আত্মসাত্ করেছেন এমন অভিযোগ পেয়ে অভিযান চালায়। অভিযানে দুদক টিম জানতে পারে, উল্লিখিত সহকারী পরিচালক জাকাত ফান্ড, জেলার প্রায় ১৪০০ মসজিদের কুরআন শিক্ষা প্রোগ্রামের টাকা এবং অন্যান্য বিভিন্ন ফান্ডের টাকা আত্মসাত্ করেছেন।
অপর দিকে, যাত্রাবাড়ী আঞ্চলিক পাসপোর্ট অফিসে গ্রাহক হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে নির্ধারিত সময়ে পাসপোর্ট সরবরাহ না করার অভিযোগের প্রমাণ পায় দুদক টিম। অভিযোগের বিষয়ে সহকারী পরিচালক আফজাউল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, ওমরাহ মৌসুমে পাসপোর্ট প্রিন্টিংয়ের চাপ থাকায় নির্ধারিত সময়ে পাসপোর্ট প্রদানে বিলম্ব হচ্ছে।
এ দিকে, ঠাকুরগাঁও সদর উপজেলার একটি পুকুরে জলমহালের কার্যাদেশ প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুদক, সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুরের একটি এনফোর্সমেন্ট টিম।
