ফ্যাশনের ধ্বজা সবসময়ই আধুনিক শহুরে তরুণ-তরুণীরা বয়ে বেড়ায়। তাদের ফ্যাশন সচেতনতাই ফ্যাশনে বারবার এনেছে বৈচিত্র্য এবং ঘটিয়েছে নতুন ফ্যাশনের আগমন। তবে, ফ্যাশন বৈচিত্র্যের প্রকাশ তরুণ-তরুণীদের মাধ্যমে ছড়ালেও ফ্যাশনের সৃষ্টিশীলতা ও বৈচিত্র্যের মূল কারিগর ফ্যাশন হাউসগুলো। তরুণদের কাছে তেমনি জনপ্রিয় এক ফ্যাশন হাউস ফ্রিল্যান্ড। তাদের বসুন্ধরা সিটির শো-রুম ঘুরে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু
বদলায় সময়। বদলায় রং। বদলায় ফ্যাশন। যখন যেমন, তখন নিজেকে তেমন করেই সাজাতে হয়। ফ্যাশনে এখন লেগেছে পাশ্চাত্যের ছোঁয়া। তাই নিজেকে সেই সাজেই সাজাতে হবে। সময়ের সঙ্গে তাল মিলাতে গিয়ে একসময় মনের অজান্তেই আপনি অভ্যস্ত হয়ে যাবেন এই ফ্যাশনে। ফ্যাশনের কথা মাথায় রেখে হাউসগুলো কাস্টমারদের জন্য রুচিশীল, আরামদায়ক ও উন্নতমানের কাপড় দিয়ে কর্পোরেট, ক্যাজুয়াল, স্টাইলিশ পোশাক ডিজাইন করে থাকে। আর ফ্যাশন অনুরাগী তরুণ-তরুণীদের কাছে ফ্রিল্যান্ডের রয়েছে অন্য রকম সমাদর। চোখ ধাঁধানো ফ্যাশন বৈচিত্র্যের জন্য ফ্রিল্যান্ড তার গ্রাহকদের কাছে এক অবিচল আস্থার নাম।
পরিসর খুব বড় না হলেও ঘুরে দেখা গেল, প্রায় সব ধরনের বৈচিত্র্যময় কালেকশন রয়েছে ফ্রিল্যান্ডের। ছেলেদের ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, ফরমাল প্যান্ট, টি-শার্ট, পোলো শার্ট, কোর্ট, বেল্ট, জ্যাকেট, ওয়েস্টকোর্ট, জিন্স প্যান্ট, জিন্স (স্লিমফিট), মোবাইল প্যান্ট, গ্যাভাডিন প্যান্ট পাওয়া যায়। ফরমাল শার্টের জন্য ফ্রিল্যান্ডের আলাদা সমাদর রয়েছে কর্পোরেটদের কাছে। মূলত তরুণ কর্পোরেটদের লক্ষ্য করেই এ ধরনের পোশাক তৈরি করা হয়েছে জানালেন ফ্রিল্যান্ড কর্তৃপক্ষ।
এই সময়ের তরুণীরা অনেক বেশি ফ্যাশন সচেতন, তাদের জন্য বাহারি কালেকশন রয়েছে ফ্রিল্যান্ডের। মেয়েদের থ্রিপিস, টপস, টিশার্ট, স্কার্ট, ফতুয়া এবং জুতার পছন্দনীয় সংগ্রহ পাবেন এখানে। যেহেতু তরুণ-তরুণীরা দিনের অনেকটা সময় বাইরে থাকে, তাই তাদের আরামের কথা ভেবেই এখন জিন্সের প্যান্ট তৈরি করা হয়। এখন জিন্সের প্যান্ট অনেক পাতলা ও নরম কাপড়ের হওয়ায় এর জনপ্রিয়তা বেড়েছে অনেক। রং ও সুতার ব্যবহারে এখন মাথায় রাখা হয় ঋতু। তাই শীত-গ্রীষ্ম সবসময়ই জিন্স আরামদায়ক। এ রকম অনেক জিন্সের কালেকশন পাবেন এখানে।
এই ফ্যাশন হাউসটি তাদের গ্রাহকদের সুবিধার্থে ক্যাশের পাশাপাশি সকল প্রকার ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধের সুব্যবস্থা রেখেছে।
এক নজরে
কোথায় :বসুন্ধরা সিটি শপিংমল, লেভেল-১, পান্থপথ, ঢাকা
কবে যাবেন :মঙ্গলবার বাদে সপ্তাহে যেকোনো দিন সকাল ১০টা থেকে রাত ৯টা।
কীসের জন্য পরিচিত :মূলত ফরমাল শার্ট, জুতা, জিন্স
ব্যবস্থাপক বলেন :আধুনিকতার সবটুকু বিশ্লেষণ পোশাকের মধ্যে ফুটিয়ে তোলার ক্ষেত্রে এই ফ্যাশন হাউসটি বিশেষ পারদর্শী। যার ফলে আধুনিক ফ্যাশনপিপাসু তরুণ-তরুণীদের কাছে এই ফ্যাশন হাউসটি বিশেষ স্থান দখল করে নিয়েছে। পণ্যের গুণগত মান এবং অর্জিত সুনাম রক্ষায় এই ফ্যাশন হাউসটি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
