তরুণদের মাঝে প্রযুক্তিকে ছড়িয়ে দেওয়ার আহ্বান

আপডেট : ১০ জুন ২০১৩, ২০:০৫
বাংলাদেশের অন্যতম সম্ভাবনার জায়গা হচ্ছে এখানে জনগোষ্ঠীর বড় একটি অংশ তরুণ। তাই তথ্য ও প্রযুক্তির বিপ্লবের এ সময়ে তথ্যপ্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের সমৃদ্ধ আগামী নির্মাণে তরুণদেরকে কাজে লাগাতে হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় তরুণদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করে তথ্যপ্রযুক্তির সুফল বাংলাদেশর ঘরে নিয়ে আসতে কাজ করছে। রাজধানীর আগারগাঁওয়ের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ভবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)’র Leveraging ICT for Growth, Employmen and Governence ও Information Technology Engineers and Governance (ITEE) প্রকল্প এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কর্মশালার উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. একে আজাদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন আইসিটি সচিব নজরুল ইসলাম খান, সভাপতিত্ব করেন ইউজিসির সদস্য ড. আখতার হোসেন। স্বাগত ভাষণ দেন ইউজিসির সদস্য প্রফেসর ড. মুহিবুর রহমান। কর্মশালায় দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়সমূহের ভিসি ও কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধানগণ অংশ নেন। কর্মশালার তত্ত্বাবধান করেন বিসিসি’র সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. বরকত উল্যাহ।