জাল দলিল তৈরির অভিযোগ
নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলায় ভুয়া স্বাক্ষর ও দাতা সাজিয়ে জাল দলিলের মাধ্যমে এক প্রবাসীর জমি হাতিয়ে নেওয়ার অভিযোগে নিলক্ষা ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। নিলক্ষা ইউপি নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য জমির মালিককে প্রবাসে (ইতালি) রেখেই জমি ক্রয় করে নিয়েছেন নিলক্ষা ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম। ভুয়া দলিল তৈরির অভিযোগে সম্প্রতি ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামসহ অন্য দাতাগণের বিরুদ্ধে জাল দলিলের বিপরীতে নরসিংদী জজ কোর্ট ২য় যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানি মামলা করেছেন নিলক্ষা ইউনিয়নের কয়েকজন বাসিন্দা। মামলা নং- ৪৮/২০১৯। তাজুল ইসলামের বিরুদ্ধে হত্যা মামলাসহ আরো ৯টি মামলা রয়েছে। এদিকে রায়পুরা উপজেলা সাব রেজিস্ট্রার মো. হালিমুজ্জামান ঐ দলিল রেজিস্ট্রি করেছেন বলে অভিযোগ উঠেছে।
জানা যায়, রায়পুরার নিলক্ষা গ্রামের আতশআলী বাজারে বর্তমান ইউনিয়ন পরিষদ অবস্থিত। সমপ্রতি নতুন করে নিলক্ষায় আধুনিক ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সেই লক্ষ্যে পার্শ্ববর্তী গ্রাম হরিপুরে ১২ জনের কাছ থেকে ২৫ শতাংশ জমি দানপত্র দলিলমূলে ক্রয় করেন নিলক্ষা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম। এ বছরের ২৪ ফেব্রুয়ারি রায়পুরা সাব রেজিস্ট্রার মো. হালিমুজ্জামান দলিলটি রেজিস্ট্রি করেন। দলিলে ১২ জন বিক্রেতার ছবি ও স্বাক্ষর নেওয়া হয়। এতে বিক্রেতাদের তালিকায় নিলক্ষা গ্রামের বিরাজ শিকদার ৪.৫০ শতাংশ জমি ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের কাছে বিক্রি করেছেন বলে দলিলে লেখা হয়। সেই মতে ইতালি প্রবাসী বিরাজ শিকদারের ছবি যুক্ত করা হয়। দলিলে দেওয়া হয় বিরাজ শিকদারের ভুয়া স্বাক্ষর। অথচ গত সাড়ে ৫ বছর ধরে নিলক্ষার সালাম শিকদারের ছেলে বিরাজ শিকদার ইতালি অবস্থান করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, জাল দলিলটি চেয়ারম্যানের বাড়িতে তৈরি করা হয়। দলিল নং ১৮৯৪। ভুয়া দলিল তৈরির ব্যাপারে ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, বিরাজ শিকদার দেশেই ছিল। দলিল করে বিদেশে চলে গেছে।
এ ব্যাপারে রায়পুরার এসিল্যান্ড মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, নিলক্ষা ইউপি পরিষদ ভবন নির্মাণের জন্য আমরা পর্যাপ্ত জায়গা পেয়েছি। ক্রয় করা ঐ জায়গার ব্যাপারে নিলক্ষা ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ও উপজেলা সাব রেজিস্ট্রার মো. হালিমুজ্জামান বলতে পারবেন। এ ব্যাপারে রায়পুরা উপজেলা সাব রেজিস্ট্রার মো. হালিমুজ্জামানের বক্তব্য জানতে তার মোবাইলে বার বার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।
