স্মার্টফোনের বাজারে অ্যাপল এবং স্যামসাং বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী। তাদের নতুন নতুন স্মার্টফোন বাজারে আসলে তাদের মধ্যেও চলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা। এই দুই কোম্পানির সর্বশেষ দুই স্মার্টফোনের মধ্যেও এই প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রয়েছে। আর সেই প্রতিদ্বন্দ্বিতায় স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে এগিয়ে গেল স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪। তাতে করে অ্যাপল’র আইফোন ৫কে ছেড়ে দিতে হয়েছে শীর্ষস্থানটি। বাজার বিশ্লেষক সংস্থা ক্যানাকর্ড জেনুইটির সংগৃহীত তথ্য থেকে দেখা যায়, যুক্তরাষ্ট্রের চারটি মোবাইল অপারেটরের মধ্যে তিনটিতেই শীর্ষে রয়েছে গ্যালাক্সি এস৪। চলতি বছরের এপ্রিল মাসের হিসাব থেকে দেখা যায় যুক্তরাষ্ট্রের চারটি অপারেটরেই সর্বাধিক বিক্রি হওয়া স্মার্টফোন ছিল আইফোন ৫। তবে এপ্রিলের ২৬ তারিখে গ্যালাক্সি এস৪ বিক্রি শুরু হলে মে মাসে ভেরিজন, স্প্রিন্ট আর টি-মোবাইলে বিক্রির শীর্ষে ছিল গ্যালাক্সি এস৪। মে মাসে কেবল এটিঅ্যান্ডটি’র বিক্রির হিসেবেই এগিয়ে ছিল আইফোন ৫। এস৪ আর আইফোন ৫-এর পরে তিনটি অপারেটরেই তৃতীয় স্থানটি দখলে ছিল এইচটিসি ওয়ানের। সার্বিকভাবে মে মাসে স্মার্টফোন বিক্রিতেও যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষস্থানটি দখলে রেখেছিল স্যামসাং। পরের অবস্থানগুলোতে ছিল যথাক্রমে অ্যাপল, এইচটিসি এবং নকিয়া।
