এলবে নদীর বাঁধে ভাঙ্গন

আপডেট : ১০ জুন ২০১৩, ২১:১০
জার্মানির দানিয়ূব নদীর পানি বেড়ে যাওয়ায় আশেপাশের নদীর স্রোত তীব্র হয়ে উঠেছে। এলবে নদীর বাঁধ ভাঙ্গতে শুরু করেছে। এলবে নদী এবং সালি নদীর মিলিত প্রবাহ বাঁধে প্রবল চাপ সৃষ্টি করেছে। বাঁধ ভেঙ্গে নদীর পানিতে ফসলের ক্ষেত তলিয়ে গেছে এবং নদীসংলগ্ন শহর তলিয়ে যাওয়ার আশঙ্কায় জার্মানির পশ্চিমাঞ্চল থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। এলবে নদীর পানির উচ্চতা ৭ দশমিক ৪৮ মিটার পর্যন্ত বেড়েছে যা ২০০২ সালের বিধ্বংসী বন্যার চেয়েও বেশি। গত কয়েকদিনের অব্যাহত বন্যার পর কর্তৃপক্ষ আরো বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এলবে নদীর পানি বেড়ে যাওয়ায় সাক্সোনি এনহল্ট রাজ্যের প্রাচীন শহর ম্যাগদেবার্গের ২৩ হাজার মানুষকে সোমবার সরিয়ে নেয়া হয়েছে। ম্যাগদেবার্গের দক্ষিণে অবস্থিত একেনের শহর এবং গ্রাম থেকে ৮ হাজারের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে চলে গেছে। বন্যায় সাক্সোনি এনহল্ট রাজ্যের প্রায় ৩৭ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। শুধু সাক্সোনি এনহল্ট রাজ্য থেকেই নয় এর পার্শ্ববর্তী রাজ্য ব্রানডেনবার্গ থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। জার্মান কর্তৃপক্ষ অনুমান করছে বন্যায় প্রায় ৮ বিলিয়ন ডলারের ক্ষয়-ক্ষতি হতে পারে। জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মারকেল বন্যায় ক্ষতিগ্রস্তদের ১৩০ মিলিয়ন ডলার সাহায্য দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।