আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে হামলাকারী সাত জঙ্গি নিহত হয়েছে। সোমবার ভোরে তারা সেখানে হামলা চালায়। কয়েক ঘন্টার লড়াইয়ের পর আন্তর্জাতিক বাহিনীর কোন সাহায্য ছাড়াই আফগান নিরাপত্তা বাহিনী শ্বাসরুদ্ধকর এ অভিযানের সমাপ্তি টানেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তালেবান সাত জঙ্গি কাবুল বিমানবন্দরে সমন্বিতভাবে আত্মঘাতী ও গ্রেনেড হামলা চালায়। কিন্তু আফগান নিরাপত্তা বাহিনী তাদের সফল অভিযানের মাধ্যমে সে প্রচেষ্টা নস্যাত্ করে দেয়। স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তালেবান এ হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে। তারা আল জাজিরাকে জানান, তাদের হামলার লক্ষ্যস্থল ছিল সামরিক বিমানবন্দর। ওইদিন ভোরে ভারি অস্ত্রে সজ্জিত হয়ে সাত জঙ্গি বিমানবন্দরের পাশের একটি ভবনে অবস্থান নিয়ে হামলা শুরু করে। কাবুলের পুলিশ প্রধান বলেন, নিহত সাত জঙ্গির মধ্যে দুইজন আত্মঘাতী বোমা বিস্ফোরণে ও বাকি পাঁচজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।
