বিক্ষোভকারীদের প্রতি তীব্র ভর্ত্সনা তুর্কি প্রধানমন্ত্রীর

আপডেট : ১০ জুন ২০১৩, ২১:১৩
রাজধানী আঙ্কারায় লাখখানেক সমর্থকদের এক বিশাল জমায়েতে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তায়েপ এরদোগান বিক্ষোভকারীদের ‘লুটেরা’ বলে মন্তব্য করেছেন। সরকারবিরোধী বিক্ষোভ-এর সীমা ছাড়িয়ে গেছে জানিয়ে আগামী সপ্তাহে পাল্টা সমাবেশেরও ঘোষণা দিয়েছেন তিনি। বিক্ষোভকারীদের সন্ত্রাসী এবং নৈরাজ্যবাদী আখ্যায়িত করে এরদোগান বলেন, ওই গুটিকয়েক লুটেরা যা করেছে আমরা তা করবো না। তারা অগ্নিসংযোগ করেছে এবং জনগণের সম্পদ ধ্বংস করেছে। তিনি আরো বলেন, ‘নির্বাচনের আর মাত্র সাত মাস বাকি আছে। আমি চাই আপনারা ব্যালট বাক্সের মাধ্যমেই তাদের শিক্ষা দেবেন।’এর আগে এরদোগানের সামপ্রতিক হুঁশিয়ারি উপেক্ষা করে রবিবার দেশটির সবচেয়ে বড় নগর আঙ্কারায় দশম দিনের মতো বিক্ষোভ হয়েছে। আঙ্কারার কিজিলে জেলায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ জলকামান এবং টিয়ারগ্যাস ব্যবহার করে। এছাড়া, দেশের অন্যান্য স্থানে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। অপরদিকে দাঙ্গা পুলিশ টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। গত শনিবার সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত এবং চার হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া, এ ঘটনায় কয়েক হাজার মানুষকে আটক করেছে পুলিশ। উল্লেখ্য, গত শুক্রবার ইস্তাবুলের তাকসিম স্কয়ারে গাজী পার্কে গাছ কেটে বিপণীবিতান নির্মাণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি শুরু হয়। পুলিশ সেখানে অতর্কিত হামলা চালালে পরিবেশবাদী আন্দোলন সরকারবিরোধী আন্দোলনের রূপ নেয়।