সিউলে বৈঠকে সম্মত দুই কোরিয়া

আপডেট : ১০ জুন ২০১৩, ২১:১৪
উত্তর ও দক্ষিণ কোরিয়া এ সপ্তাহে সিউলে উভয় দেশের মধ্যে ঊর্ধ্বতন পর্যায়ে বৈঠকের বিষয়ে সম্মত হয়েছে। সামপ্রতিক সময়ে কোরীয় উপদ্বীপে তীব্র উত্তেজনা ও উভয়ের মাঝে বেশ কয়েকবার কথা চালাচালির পর রবিবার তাদের মধ্যে অনুষ্ঠিত প্রাক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দুই দেশের সীমান্তবর্তী অসামরিকীকৃত এলাকা পানমুনজমে এই বৈঠক হয়। এতে সিদ্ধান্ত হয় যে আগামীকাল বুধবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে মন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। বৈঠকে প্রাধান্য পাবে কায়েসং শিল্পাঞ্চল পুনরায় কিভাবে চালু করা যায় সে বিষয়ে কর্মপন্থা ঠিক করা। চরম উত্তেজনার পরিপ্রেক্ষিতে গত ৯ এপ্রিলে উত্তর কোরিয়া যৌথ এই শিল্পাঞ্চল বন্ধ করে দেয়। এখানে দক্ষিণ কোরিয়ার কোম্পানিতে উত্তর কোরিয়ার ৫৩ হাজার শ্রমিক কাজ করতো। তাদের মাঝে সংকট যখন তীব্র আকার ধারণ করে তখন উত্তর কোরিয়া তাদের শ্রমিক প্রত্যাহার করে নেয়। কাজেই এ বিষয়ে কোন অগ্রগতি হবে এমনটা সামনে রেখেই তারা আলোচনায় বসবেন। এছাড়াও বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা হবে।