বৈরুতে ইরানের দূতাবাসের বাইরে সংঘর্ষ এক বিক্ষোভকারী নিহত

আপডেট : ১০ জুন ২০১৩, ২১:১৫
লেবাননের রাজধানী বৈরুতে গত রবিবার ইরানের দূতাবাসের বাইরে গুলিতে এক বিক্ষোভকারী নিহত হয়েছে। লেবাননের নিরাপত্তা বাহিনী বলেছে, সিরিয়া সংঘাতে হিজবুল্লাহর ভূমিকা এবং তাতে ইরানের সমর্থনের প্রতিবাদ জানাতে গিয়ে ঐ ব্যক্তি নিহত হয়েছে। কে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা এখনো স্পষ্টভাবে জানা যায়নি। বৈরুতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহত ব্যক্তির নাম হিশাম সালমান। হিশাম লেবাননের একটি ছোট বিরোধী দল অপশন পার্টির ছাত্র সংগঠনের প্রধান। লেবাননের সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, বৈরুতের উপকণ্ঠে ইরানের দূতাবাসের সামনে রবিবার হিজবুল্লাহর সমর্থক এবং বিরোধীরা সংঘাতে জড়িয়ে পড়ে। সে সময় সংঘর্ষে আহত এক তরুণ পরে মারা যায়। সেনাবাহিনীর মুখপাত্র আরো জানান, হিজবুল্লাহ সদস্যরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে আরো বেশ কয়েকজন আহত হয়। প্রসঙ্গত, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারিবাহিনী গত সপ্তাহে হিজবুল্লাহ গেরিলাদের সহায়তায় সিরিয়ার কুসায়ের শহর পুনর্দখল করে। কিন্তু লেবাননের শিয়া সংগঠনটি সিরিয়া সংঘাতে তাদের ভূমিকার কথা স্বীকার করেনি।