অস্ট্রেলিয়ার প্রত্যন্ত ক্রিসমাস দ্বীপে নৌকা ডুবে ১৩জন মারা গেছে। নিখোঁজ রয়েছে অনেকেই। রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী জ্যাসন ক্লারে বলেন, বিমান থেকে ১৩ জনের লাশ সনাক্ত করা গেছে। জীবিতদের উদ্ধার কাজ পুরোদমে চলছে।
নতুন এ দুর্ঘটনাকে আরেক ভয়ানক ট্র্যাজেডি উল্লেখ করে ক্লারে সাংবাদিকদের আরো বলেন, উদ্ধার ও তল্লাশি উভয় অভিযানই জোরেশোরে চলছে। তিনি বলেন, নৌকাটিতে নারী ও শিশুসহ আনুমানিক ৫৫ যাত্রী ছিল। এদিকে সীমান্তরক্ষী জাহাজ হামস ওয়ারমুঙ্গা বৃহস্পতিবার নৌকাটিকে সনাক্ত করে। কিন্তু শুক্রবার একে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ডুবন্ত মাস্তুল দেখে এটিকে সনাক্ত করা হয় এবং ঘটনাস্থলে কাঠ ও লাইফ জ্যাকেট ভেসে থাকতে দেখা যায়। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ১৩ লাশ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা থেকে শরণার্থীরা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে প্রায়ই নৌকা করে বিপদসঙ্কুল সাগর পাড়ি দেয় এবং মাঝে মাঝে মারাত্মক দুর্ঘটনায় পড়ে।
