রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে নিজের সমর্থন ঘোষণা করলেন জেলার প্রবীণ রাজনীতিবিদ ও সাবেকমন্ত্রী সরদার আমজাদ হোসেন। গতকাল সোমবার বিকালে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিএনপির মেয়র প্রার্থী বুলবুলকে সমর্থন দেয়ার কথা ঘোষণা করেন বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত এই প্রবীণ নেতা। এসময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার এখন দুর্নীতিতে নিমজ্জিত। এর বাইরে রাজশাহীও নয়। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পরিবর্তন দরকার। আর পরিবর্তনের তাগিদেই আমি রাসিকের মেয়র প্রার্থী বুলবুলকে সমর্থন দিয়েছি।’ এসময় রাজশাহী বিশ্বদ্যািলয়ের আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর আবু বকর সিদ্দিক ও সাংবাদিক রেজাউল করিম রাজু উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সরদার আমজাদ ১৯৬৫ সালে ছাত্রলীগ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস নির্বাচিত হন। এছাড়া তিনি বাগমারা-মোহনপুর থেকে আওয়ামী লীগের টিকেটে ১৯৬৯, ’৭৩ ও ৮৬ সালে; জাতীয় পার্টির টিকেটে ১৯৮৮ ও ’৯১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি এরশাদ সরকারের খাদ্য, ভূমি, কৃষি, মত্স্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। ২০০৪ সালে তিনি জাতীয় পার্টি ছেড়ে পুনরায় আওয়ামী লীগে যোগদান করেন। ১/১১ আমলে ‘সংস্কারপন্থি’ হওয়ার অভিযোগে তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে ‘রাজশাহী-৪ (বাগমারা)’ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন লাভে ব্যর্থ হয়ে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর থেকে তিনি অসুস্থ ও রাজনীতিতে নীরব ছিলেন।
