এবার টুঙ্গিপাড়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ

আপডেট : ১০ মে ২০১৯, ২২:৩৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বর্ণি গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি টুঙ্গিপাড়া কুশলী মডার্ন কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে ওই শিশুর মা টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।  অভিযুক্ত মিল্টন ফকির পলাতক রয়েছেন।

শিশুর মা বলেন, আমার স্বামী ওমান প্রবাসী। তাই মেয়েকে নিয়ে বর্ণি গ্রামের বাবার বাড়িতে থাকি। বৃহস্পতিবার ইফতার শেষে পাশের বাড়িতে পানি আনতে যাই। এ সময় আমার মেয়ে বাড়ির উঠানে খেলছিল। বাড়িতে কেউ ছিল না, এ সুযোগে প্রতিবেশী হাসেম ফকিরের বখাটে ছেলে মিল্টন ফকির আমার মেয়েকে ফুসলিয়ে তাদের নির্মাণাধীন বাড়ির একটি কক্ষে নিয়ে মুখ চেপে ধরে জোর করে ধর্ষণ করে। মেয়েকে হাসপাতালে নেওয়ার সময় ধর্ষকের পরিবারের লোকজন বাধা দেয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় মেয়েকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে রাত ৯টার দিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করি।

গোপালগঞ্জ জেনালের হাসপাতালে সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, ৬ বছরের এক শিশু ধর্ষণের আলামত নিয়ে হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হয়েছে বলে শুনেছি। ওই শিশুর মেডিক্যাল পরীক্ষা হবে। তারপরই ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। টুঙ্গিপাড়া থানার ওসি এ কে এম এনামুল কবীর বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত মিল্টন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ধর্ষকের সঙ্গে অন্তঃসত্ত্বা কিশোরীর বিয়ে!

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, অভিযুক্ত চার ধর্ষকের একজনের সঙ্গে আট মাসের অন্তঃসত্ত্বা কিশোরীর (১৭) বিয়ের আয়োজন করেছেন গ্রামের মাতব্বরা। এজন্য ওই চার ধর্ষকের কাছ থেকে পাঁচ লাখ টাকা জরিমানাও আদায় করেছেন তারা। এই জরিমানার টাকা দিয়ে আজ শনিবার বিয়ের আয়োজন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং দক্ষিণ গন্ধর্ব্যপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ডাটরা শিবপুর গ্রামের গাজী বাড়িতে। ভুক্তভোগীর মা একজন ভিক্ষুক।