কৃষকের সঙ্গে সরেজমিনে কাজ করার, তাদের কাজ সম্পর্কে ধারণা নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ আয়োজন করেছে সম্প্রসারণ মাঠ সফর। আমাদের সঙ্গে অধ্যাপক ড. আবদুল মোমেন মিয়া এবং প্রভাষক খন্দকার হুমায়ুন কবির গিয়ে এ সম্প্রসারণ মাঠ সফরের আনন্দ আরো বাড়িয়ে দেয়। এসব উপজেলার কৃষকদের দৈনন্দিন কাজ এবং বিভিন্ন অফিসের কার্যাবলী শিক্ষার্থীদের হাতে-কলমে শেখাতে এ সফর আয়োজন করা হয়।
দিনটি ছিল রবিবার। শুরু হলো যাত্রা। সকল বন্ধুরা একসাথে বাসে উঠলেই যেন গান গাইতে ইচ্ছা করে। শুরু হলো গান। প্রায় দুই ঘণ্টা পর আমরা ধনবাড়ী উপজেলায় এসে পড়লাম। নিজের জন্য বরাদ্দকৃত জায়গায় সকলে নিজেদের জিনিসপত্র রেখে বেরিয়ে পড়লাম ওরিয়েন্টেশন অনুষ্ঠানের উদ্দেশ্যে। তারপর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষি কর্মকর্তা এ উপজেলার সংক্ষিপ্ত পরিচিতি এবং তাদের কার্যক্রম সম্পর্কে ধারণা দিলেন। সারাদিন ক্লাস করার পর সন্ধ্যা ৭টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি। এভাবেই কেটে গেল ১ম দিন। এতো কষ্ট লাগল প্রথমদিনটি মনে হলো পরেরদিন আর পারব না। মানুষ পারে না এমন কোন কাজ নেই। আমরাও সেটি মেনে নিয়ে পরেরদিন নতুন উদ্যমে কাজ শুরু করি। পরেরদিন যে মজা করেছি তা আর কখনই ফিরে পাওয়া সম্ভব নয়। সবাই মিলে একসাথে ঘুমানো আর সকাল বেলা বাথরুমে লাইন দেয়া, সবাই মিলে একসাথে আর গলা ফাটিয়ে গান গাওয়া, এক হোটেলে এক সাথে খেতে যাওয়া, রাত জেগে ঝগড়া করা, এক রাত রিহারসেল করা। এক এক করে আমরা ১২টা ক্লাস করেছি। ধনবাড়ী উপজেলার বিভিন্ন অফিস এবং এ অফিসের কার্যাবলী সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়েছি। কৃষকদের বাড়িতে গিয়ে তাদের খোঁজ-খবর নেয়া এবং তাদের সাথে আলোচনা করে একটু কষ্টের ভাগিদারি হওয়া। দেখতে দেখতে ৪ দিন কেটে গেল। ৫ম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান। মান্নান আর তানিয়া যেন উন্মুখ হয়েছিল এ অনুষ্ঠানটি করার জন্য। নীপার বাঁশির সুর, হাসান, শিমুল, মনিরদের গান, ফরিদ, লিতুন, মিজান, হান্নান, বাপ্পির অভিনয় দেখে সকলেই অবাক।
