আইসিটি অধিদপ্তরের যাত্রা শুরু

আপডেট : ১১ জুন ২০১৩, ১৯:০৪
অবশেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীনে বহুল প্রতীক্ষিত আইসিটি অধিদপ্তর বাস্তবে রূপ পেয়েছে। গত ৯ জুন সচিব কমিটির সভায় এই অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইসিটি সচিব নজরুল ইসলাম খান জানান, গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশের পর এই অধিদপ্তরে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। জানা গেছে, শুরুতে অধিদপ্তরের জনবলের সংখ্যা ৬৯২ জন। এর মধ্যে মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, সিস্টেম ম্যানেজারসহ সদরদপ্তরে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা রাখা হয়েছে ৭৬ জন। এর বাইরে প্রোগ্রামার, মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ারসহ জেলা পর্যায়ে মোট লোকবল ১৯২ জন এবং সহকারী প্রোগ্রামার ও সহকারী মেইনটেইন্যান্স ইঞ্জিনিয়ারসহ উপজেলা পর্যায়ে লোকবল রাখা হয়েছে ৪২৪ জন।