শ্রীলংকায় বেশ কিছুসংখ্যক নিখোঁজ জেলের সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তল্লাশি ও উদ্ধার অভিযানে নৌবাহিনীর নৌযান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। দেশটিতে প্রবল ঝড়বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) জানিয়েছে, যেসব জেলের মৃতদেহ পাওয়া গেছে তারা শনিবার ভোরে বৃষ্টিপাত শুরু হবার পর থেকে নিখোঁজদের তালিকায় ছিল। এএফপির এক খবরে বলা হয়, বৃষ্টিপাতে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। ডিএমসি’র মুখপাত্র শরত্ লাল কুমারা এএফপিকে বলেন, ‘আমরা নিখোঁজ জেলেদের সন্ধানে তল্ল¬াশী অব্যাহত রাখব।’ তিনি আরো বলেন, ‘নৌ ও বিমান বাহিনী তল্লাশী ও উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছে।’ ডিএমসি জানিয়েছে, মৃতের সংখ্যা ২৭ জন থেকে বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। একজন ছাড়া বাকী সবাই উত্তাল সমুদ্রের ঢেউয়ের কবলে পড়ে। এই ঘটনায় আরো ৩৫ জন আহত হয়েছে। হিসেবে দেখা গেছে, ঝড়ো হাওয়ায় শতাধিক বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস এবং আরো ২ হাজার ১৮৫টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, রবিবার থেকে আবহাওয়া পরিস্থিতির উন্নতি ঘটেছে।
