বিদেশি যোদ্ধাদের সিরিয়া ত্যাগের আহ্বান জানিয়েছে বিদ্রোহীরা

আপডেট : ১১ জুন ২০১৩, ২০:৫৯
দামেস্কাস ভিত্তিক সিরিয়ান বিদ্রোহীরা যুদ্ধে অংশ নেয়া সকল বিদেশিদের অবিলম্বে দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে। এদিকে মিনিঙ্গ বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে রবিবার ভোর থেকে আলেপ্পোতে বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর প্রচণ্ড যুদ্ধ শুরু হয়েছে। বিদ্রোহীরা অভিযোগ করেছে, প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষে যুদ্ধ করতে লেবানন ভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল্লাহর সদস্যরা আলেপ্পোতে অবস্থান করছে। সরকারি বাহিনী সম্প্রতি কাসায়ের শহরের নিয়ন্ত্রণ নেয়ার পর হিজবুল্লাহ সেখানে প্রভাব বিস্তার করতে শুরু করেছে। তবে উত্তরাঞ্চলের কয়েকটি শহরে কুর্দিস যোদ্ধারা ফ্রি সিরিয়ান আর্মির সাথে যোগ দিয়েছে বলেও জানা গেছে। ন্যাশনাল কো-অর্ডিনেশন বোডি ফর ডেমোক্রাটিক চেঞ্জের প্রধান হাসান আবদুল আজিম দামাস্কাসে এক সংবাদ সম্মেলনে বলেন, সিরিয়ার ভূখণ্ডে যুদ্ধে অংশ নেয়া সকল বিদেশিদের অবিলম্বে দেশ ত্যাগের জন্য আহ্বান জানাচ্ছি। এটা কোন বিষয় নয় যে তারা কাদের পক্ষে কাজ করছে। অন্য দেশের নাগরিক সিরিয়ার যুদ্ধে অংশ নিয়ে কাউকে হত্যা করলে তাকেই প্রথম আক্রমণকারী হিসাবে বিবেচনা করা হবে। তিনি আরো বলেন, সিরিয়ার যুুদ্ধে বিদেশিদের যুক্ত থাকার জন্য তারা জাতিসংঘের কাছে নিন্দা প্রস্তাব জানানোর আহ্বান জানাবেন। সিরিয়ার যুদ্ধে হিজবুল্লাহ হস্তক্ষেপ করায় সোমবার এক বিবৃতিতে গালফ কো-অপারেশন কাউন্সিল তাদের নিন্দা করেছে। এদিকে আলেপ্পোতে মিনিঙ্গ বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে রবিবার ভোর থেকে বিদ্রোহীদের সাথে সরকারি বাহিনীর প্রচণ্ড যুদ্ধ চলছে। যুদ্ধে বিদ্রোহীরা মিনিঙ্গ বিমানঘাঁটির রাডার টাওয়ারটির দখল নিয়েছে বলে জানিয়েছেন, সিরিয়ায় মানবাধিকার পর্যবেক্ষণ দলের পরিচালক রামি আবদেল রহমান। তবে সিরিয়ার জাতীয় সংবাদ সংস্থা সানা দাবি করেছে, বিদ্রোহীরা মিনিঙ্গ বিমানঘাঁটি দখলের চেষ্টা করলেও সরকারি সৈন্যরা তা ভালোভাবেই প্রতিহত করেছে।