ইরাক জুড়ে বিভিন্ন মার্কেট ও পুলিশ তল্লাশি চৌকিতে সিরিজ বোমা হামলায় কমপক্ষে ৭০ জন নিহত। এ ঘটনায় আহত হয়েছে অসংখ্য। তাছাড়া তিনজন হামলাকারীও নিহত হয়েছে। গত সোমবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। এ হামলার দায়-দায়িত্ব কেউ স্বীকার করেনি।
দেশটির বিভিন্ন স্থানে চলমান সহিংসতার জেরে উত্তরাঞ্চলীয় শহর মসুলে সিরিজ বোমা হামলা চালানো হয়। সেনা ও পুলিশদের লক্ষ্য করে চারটি গাড়িবোমা হামলায় ২৮ জন নিহত হয় সুন্নি অধ্যুষিত এই শহরটিতে। এ ঘটনায় শহরটিতে কারফিউ জারি করা হয়েছে বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছে। সরকারি সূত্রে জানা যায়, হামলায় তিন হামলাকারী নিহত ও ৮০ জন আহত হয়েছে। এর আগে দেশটির কেন্দ্রে দুইটি মার্কেটে গাড়িবোমা হামলা চালালে অন্ততপক্ষে ২২ জন বেসামরিক নিহত হয় এবং আহত হয়েছে আরো ৩০ জন। বাগদাদ থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে প্রাদেশিক রাজধানী বাকুবা থেকে কিছুটা বাইরে ডিয়ালায় জাদিদা আল শাত শহরে শাক-সবজি ও ফলের পাইকারি বাজারে পর পর তিনটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটে বলে জানায় পুলিশ। বিস্ফোরণে ঘটনাস্থলেই ১৩ জন নিহত হয় এবং আহত হয় আরো ৫০ জন।
এছাড়া রাজধানী বাগদাদের ২০ কি.মি. উত্তরে তাজি শহরে অপর একটি গাড়িবোমা হামলায় আট জনের বেশি নিহত হয় বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে।
