বাংলাদেশি পাসপোর্টসহ ২৪ রোহিঙ্গা আটক

আপডেট : ১০ মে ২০১৯, ২২:৪৩

বাংলাদেশি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) নিয়ে বিদেশে পালানোর চেষ্টাকালে ২৪ রোহিঙ্গাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার ভোরে রাজধানীর খিলক্ষেত মধ্যপাড়া এলাকার কহিনুর ভিলা নামে একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। ওই বাড়ি থেকে বাংলাদেশি ৫৬টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগে বাড়ির মালিকের ছেলে কাজল ও আইয়ুব নামে এক দালালকে আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে ডিবির উপ-কমিশনার (পশ্চিম) মোখলেসুর রহমান বলেন, আটককৃতদের কাছ থেকে ৫৬টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তারা দালালের মাধ্যমে ঢাকার ঠিকানা দিয়ে পাসপোর্ট বানিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিল। সংঘবদ্ধ একটি দালাল চক্র তাদেরকে ঢাকায় এনেছে।

তিনি বলেন, এসব রোহিঙ্গা কিভাবে পাসপোর্ট পেল তার তদন্ত চলছে। এখানে যারাই জড়িত থাকুক তাদেরকে খুঁজে বের করা হবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তবে পাসপোর্টগুলো সঠিক বা জাল কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ডিবি সূত্র জানিয়েছে, আটক ২৪ রোহিঙ্গাকে গত এক সপ্তাহ ধরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে ঢাকায় এনে খিলক্ষেতের তিন তলা বাড়িতে রাখা হয়েছিল। বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় এই বাড়িটিই বেছে নিয়েছিল তারা। তাদেরকে একটি সংঘবদ্ধ দালাল চক্র এখানে এনে রেখেছিল। মালয়েশিয়া পাঠানোর আগে এই বাসাতে তাদেরকে বাংলা ভাষা শেখানোর চেষ্টা চলছিল। তাদেরকে শিগগিরই মালয়েশিয়া পাঠানোর প্রক্রিয়া চলছিল।

উল্লেখ্য, গণহত্যা ও নির্যাতনের মুখে ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে মিয়ানমার থেকে প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশে। তবে তাদেরকে নিয়ে নানা ভয়ঙ্কর খেলা খেলছে একটি সংঘবদ্ধ চক্র। বিশেষ করে এসব রোহিঙ্গাকে মাদক কারবারে উদ্বুদ্ধ করার পাশাপাশি জঙ্গিবাদেও জড়ানোর চেষ্টা রয়েছে চক্রের। এর আগে এমন অনেক রোহিঙ্গা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।