বাঞ্ছারামপুরে পরকীয়ার জের স্বামী খুন, স্ত্রী গ্রেফতার

আপডেট : ১১ জুন ২০১৩, ২১:০৭
বাঞ্ছারামপুরে স্ত্রীর পরকীয়া প্রেমের বলি হলেন স্বামী আব্দুল করিম (৪৮) নামের এক ব্যক্তি। ঘটনার সাথে জড়িত সন্দেহে আব্দুল করিমের স্ত্রী শিমু আক্তার (২৬)কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, উপজেলার ফরদাবাদ গ্রামের কৃষক আব্দুল করিম প্রায় ১২ বছর পূর্বে কুমিল্লার মুরাদনগরের সিদলাই গ্রামের ফারুক মিয়ার মেয়ে শিমু আক্তারকে বিয়ে করেন। শিমু আক্তার তার দ্বিতীয় স্ত্রী। গত সোমবার আব্দুল করিমের বাড়ির পাশে (বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের ধারে) জুতা ও মোবাইল ফোনের সেট দেখে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে ধনচে ক্ষেতের পার্শ্বে তিতাস নদীতে জাল ফেলে পায়ে ইট বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে। বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) অংশু কুমার দেব জানান, আব্দুল করিম তার স্ত্রীর পরকীয়ায় বাধা দেয়ায় পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং লাশ গুম করতে পায়ে ইট বেঁধে তিতাস নদীতে ফেলে দেয়। লাশের ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাতিজা ইব্রাহিম মিয়া বাদি হয়ে গত সোমবার শিমু আক্তার ও প্রতিবেশি আউয়াল মিয়াকে আসামি করে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।