প্রতি বছরেই অ্যাপল আয়োজন করে থাকে বার্ষিক এক সম্মেলনের। সারা বিশ্ব থেকে ডেভেলপাররা মিলিত হন এই সম্মেলনে। অ্যাপল’র বার্ষিক এই সম্মেলনের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই সম্মেলনেই অ্যাপল তাদের আগামী এক বছরের নতুন পণ্য বা সেবাগুলোর পরিচয় করিয়ে দিয়ে থাকে প্রযুক্তি বিশ্বের সামনে। অন্যান্যবারের মতো এবারেও অনুষ্ঠিত হয়ে গেল অ্যাপল’র বার্ষিক সম্মেলন ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স। আর এই কনফারেন্সে অ্যাপল’র বিভিন্ন পণ্যে নতুন নতুন সব ফিচারের ঘোষণা দিয়েছে অ্যাপল।
নতুন ম্যাকওএস ‘ম্যাভেরিক’
ম্যাক অপারেটিং সিস্টেমের সর্বশেষ কয়েকটি সংস্করণেই ছিল প্রাণীদের প্রাধান্য। লেপার্ড, লায়ন, মাউন্টেন লায়নের পর অবশেষে প্রাণীর গণ্ডি থেকে বের হয়েছে ম্যাক অপারেটিং সিস্টেম। তাদের আপকামিং সংস্করণটির নাম দেওয়া হয়েছে ম্যাভেরিক। পাওয়ার ম্যানেজমেন্ট, ফাইন্ডারে ট্যাব ব্রাউজিং, বিভিন্ন ফাইলে ট্যাগ যুক্ত করা প্রভৃতি ফিচার নিয়ে ম্যাভেরিক আরও অনেক বেশি ব্যবহারবান্ধব হবে বলেই জানিয়েছে অ্যাপল। এর বাইরে আবার ডেভেলপারদের জন্য মাল্টি ডিসপ্লে সমর্থনের সুবিধাও যুক্ত করা হচ্ছে ম্যাভেরিকে।
নতুন রূপে সাফারি
অ্যাপল’র নিজস্ব ওয়েব ব্রাউজার সাফারিকেও নতুন রূপে সাজিয়েছে অ্যাপল। সাফারিতে যুক্ত হয়েছে নতুন একটি ইন্টারফেস যাতে রয়েছে শীর্ষ সাইটগুলো। ব্যাকগ্রাউন্ট ট্যাব ব্রাউজিংয়ে নতুন ধরনের অপটিমাইজেশন সুবিধা যুক্ত করেছে অ্যাপল। মোবাইল ডিভাইসের ক্ষেত্রে সাফারি ব্যাটারিও খরচ করবে আগের চাইতে কম। আপডেট করা সাফারিতে থাকছে সাইট্রো টায়ারড জিট, নাইট্রো ফাস্ট স্টার্ট প্রভৃতি। ফলে সাফারি এখন আগের চাইতে অনেক বেশি উন্নত।
ম্যাপে ত্রিমাত্রিকতা
অ্যাপল এখন তাদের নিজস্ব ম্যাপ ব্যবহার করে থাকে। ম্যাক ওএসএক্স-এ অবশ্য ছিল না এই ম্যাপ। এবারে সেখানেও যুক্ত হচ্ছে ম্যাপ অ্যাপ্লিকেশন। ম্যাপে সবচেয়ে বড় পরিবর্তনটি হচ্ছে এতে যুক্ত হয়েছে ত্রিমাত্রিকতা। তাছাড়া যেকোনো স্থানে পৌঁছানোর আনুমানিক সময়ও এই অ্যাপ্লিকেশন যুক্ত করে দেয় ক্যালেন্ডার ইভেন্টে।
আসছে আইওএস ৭
মোবাইল অপারেটিং সিস্টেম হিসেবে অ্যাপল’র আইওএস বেশ কয়েকবারই চেহারা বদল করেছে। এবারে আরেকবার চেহারা বদল করল এই আইফোন, আইপড আর আইপ্যাডের অপারেটিং সিস্টেম। অ্যাপল’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডিজাইন বিভাগের প্রধান জনি আইভের ডিজাইন গ্রহণ করা হয়েছে এই সংস্করণে। ফ্ল্যাট এই ডিজাইনে নতুন ধরনের আইকন ব্যবহার করেছে অ্যাপল। আর এই ওএস-এ সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে কন্ট্রোল সেন্টারের সংযোজন। এয়ারপ্লে, মিউজিক প্লেব্যাকসহ নানা ধরনের কাজ করা যাবে এই এক কন্ট্রোল সেন্টার থেকেই।
আইটিউনস রেডিও
এই প্রথমবারের মতো মিউজিক স্ট্রিমিং সেবা হিসেবে আইটিউনস রেডিও চালু করেছে অ্যাপল। আইফোন, আইপড টাচ, ম্যাক, পিসি এবং অ্যাপল টিভিও সমর্থন করবে এই সার্ভিস। এই সেবা অ্যাপল’র জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
ম্যাকবুক এয়ার
ম্যাকবুক এয়ারে ইন্টেলের চতুর্থ প্রজন্মের প্রসেসর ব্যবহার করায় ১২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে বলেই জানিয়েছে অ্যাপল, যা এখন পর্যন্ত কোনো ল্যাপটপ বা নোটবুক দিতে পারেনি। এ ছাড়া ম্যাকবুক এয়ারে বাড়তি আরও কয়েকটি ফিচারও যুক্ত করছে অ্যাপল।
