একজন কম্পিউটার প্রোগ্রামার, প্রযুক্তিবিদ এবং ওপেন সোর্স আন্দোলনের অন্যতম পুরোধা হিসেবে প্রযুক্তিবিশ্বে সুপরিচিত ব্রায়ান বেহলেনডর্ফ। ওয়েব সার্ভার সফটওয়্যার হিসেবে জনপ্রিয় অ্যাপাচি ওয়েব সার্ভারের অন্যতম নির্মাতা ব্রায়ান। অ্যাপাচি সফটওয়্যার ফাউন্ডেশনেরও অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য তিনি। এই ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হিসেবে তিনি তিন বছর কর্মরত ছিলেন। ২০০৩ সাল থেকে তিনি মজিলা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও কর্মরত রয়েছেন। ব্রায়ান জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১৯৭৩ সালের ৩০ মার্চ। তিনি পড়ালেখা করেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেতে। পড়ালেখার সময়েই তিনি নব্বইয়ের দশকের শুরুর দিকে ইন্টারনেট বিষয়ে ঝুঁকে পড়েন। একদম শুরুতে তিনি ইলেকট্রনিক মেইলিং লিস্ট নিয়ে কাজ করেন। ১৯৯৩ সালে ব্রায়ান কয়েকজনের সাথে অরগানিক ইনকরপোরেশন গড়ে তোলেন। ১৯৯৪ সালে তারা হটওয়্যারড ওয়েবসাইট এবং ওয়্যারড ম্যাগাজিন তৈরি করেন। ২০০৩ সালে এমআইটি’র অনুর্ধ্ব ৩৫ বছর বয়সী শীর্ষ উদ্ভাবকের তালিকায় স্থান করে নেন ব্রায়ান।
