পোশাক শিল্পের দুর্নীতি প্রতিরোধ ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই)। বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থাটির বাংলাদেশ, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া চ্যাপ্টার গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ আহবান জানায়। বিবৃতিতে বাংলাদেশের পোশাক কর্মীদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিত করতে সরকার এবং স্থানীয় গ্রুপগুলোর সঙ্গে একযোগে কাজ করার জন্য বিশ্বের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর প্রতিও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ঢাকা, নমপেন ও জাকার্তা থেকে একযোগে প্রকাশিত এই যৌথ বিবৃতিতে বলা হয়, কারখানা ধসের জন্য বাংলাদেশ থেকে ব্যবসা প্রত্যাহারের মতো পদক্ষেপ সমস্যার কোন সমাধান হতে পারে না। সাভারের রানা প্লাজার গার্মেন্টস ধসের সূত্র ধরে বাংলাদেশ থেকে কিছু বিদেশি পোশাক শিল্প প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রত্যাহার বা গুটিয়ে নেয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে—তা দুর্নীতির জন্য দায়ী ব্যক্তিদের পরিবর্তে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদেরই শাস্তি প্রদান করবে।
টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান যৌথ বিবৃতিতে বলেন, শ্রমিক অধিকার ও নিরাপত্তা ক্ষুণ্ন হওয়ার অভিযোগে পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হলে তা প্রকারান্তরে কর্মীদেরই বিশেষত :নারী কর্মীদের শাস্তি প্রদানের নামান্তর হবে। আন্তর্জাতিক কোম্পানিগুলোর উচিত হবে এ ধরনের ক্ষতির বিকল্প হিসেবে পোশাক শিল্প-কারখানাগুলোতে আইনগত নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের সঙ্গে একযোগে কাজ করা। তিনি আরো বলেন, সাভার ট্রাজেডির মধ্য দিয়ে বাংলাদেশে ব্যবসা-বিনিয়োগে ভীতি সঞ্চার করা নয় বরং দায়িত্বশীলতা-সততার সঙ্গে ব্যবসা পরিচালনার বিষয়টিই অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিবৃতিতে জনগণ ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ করে কর্মীদের কাজের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
