মাওবাদী হামলায় আহত কংগ্রেস নেতার মৃত্যু

আপডেট : ১২ জুন ২০১৩, ২০:৪৪
ভারতের ছত্তিশগড় রাজ্যে মাওবাদী হামলায় আহত জ্যেষ্ঠ কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী বিদ্যাচরণ শুক্লা (ভিসি শুক্লা) হাসপাতালে মারা গেছেন। শরীরের বেশ কয়েকটি অঙ্গ বিকল হয়ে মারা যান তিনি। মঙ্গলবার দিল্লির নিকটবর্তী হরিয়ানার গুরগাঁও হাসপাতালে দুপুর আড়াইটায় তিনি মারা যান, হাসপাতাল সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এনডিটিভি। খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও ডন সংবাদপত্রের। ভিসি শুক্লা বিভিন্ন সময় ভারত সরকারের তথ্য, যোগাযোগ, সংসদবিষয়ক, পানি সম্পদ ও পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাবা পন্ডিত রবিশঙ্কর শুক্লা অবিভক্ত মধ্যপ্রদেশ রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ও শীর্ষ কংগ্রেস নেতা ছিলেন। তার ভাই শ্যামাচরণ শুক্লাও মধ্যপ্রদেশের কংগ্রেস দলীয় মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৫ মে ছত্তিশগড়ের একটি সমাবেশ থেকে ফেরার পথে শীর্ষ কংগ্রেস নেতাদের বহনকারী গাড়ি বহরে মাওবাদীরা চোরাগোপ্তা হামলা চালায়। এ সময় শুক্লার শরীরে তিনটি গুলি লাগে। মারাত্মক আহত ৮৪ বছর বয়সী শুক্লাকে প্রথমে রাজ্যের জগদলপুর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় দিল্লি নিয়ে যাওয়া হয়। আহত হওয়ার পর থেকে গত দু’সপ্তাহ যাবত্ তাকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। মাওবাদীদের ওই হামলায় ছত্তিশগড়ের শীর্ষ কংগ্রেস নেতা মাহিন্দ্র কর্মা ও নন্দকুমার প্যাটেলসহ ২৪ জন নিহত হন। মঙ্গলবার এক বিবৃতিতে গুরগাঁও হাসপাতাল থেকে জানানো হয়, গুলিতে শুক্লার তলপেট, বুক ও উরুতে মারাত্মক ক্ষত তৈরি হয়েছিল। তার শরীরের বিভিন্ন অঙ্গে অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছিল। তার মৃত্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং গভীর শোক প্রকাশ করেছেন। তাকে দেখতে হাসপাতালেও গিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন। মাত্র ২৮ বছর বয়সে ভারতীয় লোকসভার সদস্য হয়েছিলেন শুক্লা। এরপর থেকে নয়বার লোকসভার সদস্যপদে জয়ী হয়েছিলেন তিনি। ১৯৬৬ সালে মাত্র ৩৭ বছর বয়সে ইন্দিরা গান্ধী মন্ত্রিসভার তথ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। তার মৃত্যুতে ভারতীয় কংগ্রেস এক বর্ণাঢ্য নেতাকে হারালো।