কেনিয়ায় এমপিদের বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ১২ জুন ২০১৩, ২০:৪৫
এমপিদের বেতন বাড়ানোর প্রতিবাদে মঙ্গলবার পার্লামেন্টের বাইরে বিক্ষোভ সমাবেশ করেছে কয়েকশ’ কেনিয়ান নাগরিক। বিক্ষোভকারীরা নবনির্বাচিত এমপিদের বেতন-ভাতা কমানোর দাবিতে স্লোগান দিতে থাকে। বিক্ষোভের সময় পার্লামেন্ট ভবনের বাইরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকলেও বিক্ষোভকারীদের সাথে কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিজেদের গায়ে পশুর রক্ত ঢেলে প্রতিবাদ জানানোর সময় তারা কাগজের তৈরি বিশাল আকৃতির একটি শূকর পার্লামেন্টের গেটের সামনে ফেলে লাথি মারতে থাকে। এমপিদের অতিরিক্ত লোভের চিত্র তুলে ধরতে পার্লামেন্টের বাইরে জাল নোট ছিটিয়ে দেয় বিক্ষোভকারীরা। বিভিন্ন প্ল্যাকার্ডে তাদেরকে ‘এমপিগ’ বলে অভিহত করা হয়। ব্যানারগুলোতে লেখা ছিল ‘আমরা তোমাদের নিয়োগকৃত কর্মী’, ‘হেল্প দ্যা নিডি, নট দ্যা গ্রিডি’, ‘কেনিয়ানস হেট এমপিগস গ্রিড’। জাতীয় বেতন কমিশন বেতন কমানোর জন্য নির্দেশ দিলেও এমপিরা তা মানেনি। কমিশন তাদের বেতন ১০ হাজার ডলার থেকে কমিয়ে ৬ হাজার ৪ শ’ ডলার করার সুপারিশ করলেও মে মাসে সংসদ সদস্যরা আগের মতোই বেতন নিয়েছে। ফ্লোরেন্স কেনাউ নামের এক বিক্ষোভকারী বলেন, কেনিয়ার সাধারণ মানুষ চায় না সংসদ সদস্যদের বেতন বাড়ুক। আমাদের শিক্ষক, পুলিশ, ডাক্তার ও নার্সরা খুবই কম বেতন পান। এমপিরা তাদের কথা একবার চিন্তা না করে নির্লজ্জের মতো নিজেদের বেতন বাড়িয়েছে।