সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের মহজমপুর যুগিপাড়া গ্রামে রুবেল হোসেন নামে এক মাদক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে রুবেলের লাশ একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের মায়ের অভিযোগ তার ছেলেকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মহজমপুর উত্তর কাজিপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. রুবেল হোসেন (২৫) বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়। গতকাল সকাল ৮টার দিকে মহজমপুর যুগিপাড়া গ্রামের ইনফিনিটিভ ডাটা পাওয়ার লিমিটেড নামক একটি পরিত্যক্ত ফ্যাক্টরির ভেতর বাউন্ডারি ওয়ালের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে ফ্যাক্টরির নিরাপত্তাকর্মীরা পুলিশে খবর দেয়। এলাকাবাসীর অভিযোগ, নিহত রুবেল মাদক ব্যবসায়ী ও একজন চিহ্নিত চোর ছিল। ওই ফ্যাক্টরিতে চুরি করতে গেলে নিরাপত্তাকর্মীদের মারধরে রুবেল মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সোনারগাঁও থানার পিএসআই মো. ফয়সাল আলম জানান, রুবেলের নামে থানায় মাদক মামলা রয়েছে। তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ বিষয়ে এখন কিছুই বলা যাচ্ছে না। নিহত রুবেলের মা আনোয়ারা বেগম সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার ছেলের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
