আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের জন্য মাগুরা ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি’র গ্রুপিং-লবিং চলছে। সদ্য সমাপ্ত মাগুরা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে প্রার্থী সমর্থনকে কেন্দ্র করে দু’ দলের মধ্যে গ্রুপিং তীব্র হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত দু’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা দু’জনই পরাজিত হয়েছেন। আগামী সংসদ নির্বাচনে মাগুরা- ১ আসনে ( শ্রীপুর ও সদর উপজেলা) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসাবে বর্তমান সংসদ সদস্য ডা. এম এস আকবর, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু এবং প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব (২) সাইফুজ্জামান শেখরের নাম প্রচার পেয়েছে। মাগুরা-২ আসনে (মহম্মদপুর ও শালিখা উপজেলা) বর্তমান সংসদ সদস্য বীরেণ সিকদার ও শফিকুজ্জামান বাচ্চু মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে। মাগুরা- ১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন, জেলা সভাপতি কবির মুরাদ, পৌর মেয়র ইকবাল আকতার কাফুর ও মনোয়ার হোসেন। মাগুরা- ২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হচ্ছেন, নিতাই রায় চৌধুরী ও কাজী সামিউল হক কামাল। মাগুরা- ১ আসনে জাতীয় পার্টির ( এরশাদ ) সম্ভাব্য প্রার্থী হাসান সিরাজ শুজা। মাগুরাতে জামায়াতের অবস্থান দুর্বল।
