কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনকের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরী করেছেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যথিং অং। মঙ্গলবার কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরীটি নথিভুক্ত করা হয়। অধ্যক্ষ ক্যথিং অং সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন, কক্সবাজার সিটি কলেজের নিজস্ব জমিতে অবস্থিত শহীদ মোহাম্মদ নূর ভবন সম্প্রসারণ কাজ করার উদ্যোগ নেয়া হলে আজ মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনকের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল এবং সন্ত্রাসী প্রকৃতির তরুণ এসে নির্মাণ কাজে বাধা প্রদান করে এবং নির্মাণ শ্রমিকদেরকে ভয় ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়। পরবর্তীতে কলেজের শিক্ষকবৃন্দ শ্রমিকদেরকে অভয় দিয়ে পুনরায় কাজ শুরু হয়। কিন্তু উক্ত ব্যক্তি (কনক) আমাকে তার মোবাইল থেকে ফোন করে নির্মাণ কাজ বন্ধ রাখতে বলেন বন্ধ না করলে পরিস্থিতি ভাল হবে না বলে হুমকি দেন। তার মতে তাকে না জানিয়ে বা তার অনুমতি ব্যতিরেকে কলেজের কাজ করাটা নাকি এলাকাটাকে ‘বার্মায়’ পরিণত করে ফেলার সামিল।
