অর্পিত সম্পত্তি অবমুক্তি সংক্রান্ত আবেদনের সময়সীমা আরো তিনশ’ দিন বৃদ্ধির জন্য দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ। গত মঙ্গলবার কুমিল্লার জেলা প্রশাসকের (ভারপ্রাপ্ত) মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ধর্মীয় বৈষম্য অবসানের তাগিদে এবং ভূমির উপর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ২০০১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন এবং পরবর্তী পর্যায়ে ২০১১ সালে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ (সংশোধনী) আইন সংসদে পাস হয়। এতে আইনের বিধান মোতাবেক দেশের বিভিন্ন জেলায় ট্রাইব্যুনাল ও কমিটি গঠন করা হয়। এতে বলা হয়, ইতিমধ্যে ওই ট্রাইব্যুনাল ও কমিটির নিকট দাখিলকৃত আবেদন শুনানিক্রমে নিষ্পত্তির কাজ রহস্যজনক কারণে অত্যন্ত ধীরগতিতে চলছে এবং এতে প্রতিকার প্রার্থী জনগণ সীমাহীন হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনে ক ও খ তফসিলের গেজেট নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশ করতে না পারায় সরকার দু’দফায় গেজেট প্রকাশের সময়সীমা বৃদ্ধি করেছে। এদিকে অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ বিষয়ে আবেদন দাখিলের সময়সীমা ৫ মে থেকে ৩০ জুন অর্থাত্ মাত্র ৫৭ দিন বাড়ানো হয়, যা পর্যাপ্ত নয়। তারা বলেন, গত ডিসেম্বর মাসে দেশের সকল আদালতে বাত্সরিক ছুটি থাকায় আবেদন দাখিলের সময়সীমা অনেক স্থানে ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেছে, আবার কোথাও সময় শেষ হওয়ার পথে। ফলে আবেদন দাখিলের সময়সীমা আরো তিনশ’ দিন বৃদ্ধি না করলে প্রতিকার প্রার্থীগণ হয়রানি ও বিড়ম্বনার শিকার হবেন।
