পরে যাওয়া মোবাইল ফোন তুলতে গিয়ে ল্যাট্রিনের কুয়ায় ডুবে শ্বশুর-জামাই এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ইমাদপুর ইউনিয়নের রহমতপুর বেড়ামুকীম গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত গোলজার (৪৫) ও দুুদু মিয়াকে (৩৮) ঐ দিনই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানা যায়, উপজেলার রহমতপুর বেড়ামুকীম গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে গোলজার তার পাতানো ধর্মজামাই প্রতিবেশী দুদু মিয়ার বাড়িতে বেড়াতে যায়।
ঘটনার দিন গোলজারের মোবাইল ফোনটি ল্যাট্রিনে পড়ে গেলে তা উদ্ধারের জন্য বাঁশের তৈরি গভীর কুয়ার স্লাব সরিয়ে নামার সাথে সাথে গোলজার ডুবে যায়। গোলজারকে উদ্ধার করতে দুদু মিয়া কুয়ায় নামলে সে ডুবে যায়। ফলে ঘটনাস্থলেই দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়। পরে গ্রামবাসি কুয়া থেকে তাদের মৃত দেহ উদ্ধার করে। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেমের সাথে কথা হলে তিনি মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারো কোন অভিযোগ না থাকায় ঘটনাস্থল থেকে পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করা হয়েছে।
