অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে তিন ঘন্টা কর্মবিরতি

আপডেট : ১২ জুন ২০১৩, ২১:৪৩
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারকে লাঞ্ছিত করার প্রতিবাদে তিনঘন্টা কর্মবিরতি পালন করেছে চিকিত্সকরা। গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর বারোটা পর্যন্ত চিকিত্সক ও কর্মচারীরা এ কর্মবিরতি পালন করে। বহির্বিভাগে ডাক্তার দেখাতে আসা শত-শত রোগী ডাক্তার না দেখাতে পেরে বাড়ি ফিরে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার এক্তারপুর গ্রামের ফারাজী জিয়া বাবুর শাশুড়ী অসুস্থ হয়ে পড়লে তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক আবুল হাসান ও সহকারী মেডিক্যাল অফিসার শাহিনুর রহমান তার পরীক্ষা করে উচ্চরক্তচাপের কারণে অসুস্থ হয়েছে বলে জানান এবং সে অনুযায়ী ব্যবস্থাপত্র লেখা শুরু করেন। এ সময় রোগী বমি করলে ফারাজী জিয়া বাবু ও তার সঙ্গীয় দু’জন চিকিত্সকদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং কিল-ঘুষি মারতে শুরু করলে স্থানীয় লোকজন তাকে থামিয়ে দেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্যামল কৃষ্ণ সাহা বলেন,“কর্তব্যরত অবস্থায় চিকিত্সককে মারপিট করা দুঃখজনক। আমরা নিরপত্তাহীনতার কারণে দায়িত্ব পালন করতে পারছি না। সে কারণে কর্মবিরতি পালন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আমরা অপরাধীদের শাস্তি চাই।”