পুলিশ হেফাজতে একজনের মৃত্যু

আপডেট : ১২ জুন ২০১৩, ২১:৪৩
ছাতকে পুলিশ হেফাজতে থাকা ওয়ারিছ আলীর (৪৫) মৃত্যু ঘটেছে। সে পৌর শহরের বাঁশখালা গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতারের পর চিকিত্সার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় চিকিত্সাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ ও পেপার মিলের আনসারদের অমানসিক নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। নিহতের ভাই রহমত আলী জানান, হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে পেপার মিলের একটি পুকুর থেকে চুরি করে মাছ ধরতে গেলে মিলের আনসাররা তাকে আটক করে নির্যাতন করেছে। পরে ডাকাত বলে তাকে থানা-পুলিশে সোপর্দ করা হয়। থানায়ও তার উপর অমানসিক নির্যাতন করা হয়। দুপুরে পুলিশ হেফাজতে ছাতক হাসপাতালে ওয়ারিছ আলীকে ভর্তি করার পর তার অবস্থার অবনতি ঘটলে তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি জানান, গণক্ষাই গ্রামের ফয়জুল কাবির লাকির বাড়িতে ডাকাতির ঘটনার সন্দেহভাজন আসামি ওয়ারিছ আলী। পেপার মিল কর্তৃপক্ষও তার বিরুদ্ধে থানায় চুরির মামলা দায়ের করেছে। অধিক রক্তক্ষরণের ফলে সে মারা গেছে এ কথা তিনি বললেও থানায় তাকে নির্যাতনের কথা অস্বীকার করেছেন।