সংবাদ সংক্ষেপ

আপডেট : ১২ জুন ২০১৩, ২১:৪৪
বটিয়াঘাটায় ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মহড়া বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা \ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে মঙ্গলবার পরিষদের মাঠে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মহড়াকালে ঘূর্ণিঝড় শুরুর আগের শান্তিপূর্ণ গ্রাম, ঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি, মৃত মানুষ নিয়ে আহাজারীসহ বিভিন্ন বাস্তব পরিস্থিতি অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়। মহড়াকালে ফায়ার সার্ভিসের মাধ্যমে কৃত্রিম ঝড়ের সৃষ্টি করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। বেসরকারি সংস্থা প্রসারের সহযোগিতায় আয়োজিত এই মহড়া উপভোগ করতে হাজার হাজার নারী-পুরুষ, জনপ্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এই এলাকার মানুষদের সচেতন করতে একইভাবে সাতটি উইনয়নে মহড়ার আয়োজন করা হবে। পাংশায় ক্লিনিক মালিক ও ডাক্তারের জরিমানা পাংশা (রাজবাড়ী) সংবাদদাতা \ রাজবাড়ীর পাংশায় মঙ্গলবার অব্যবস্থাপনার দায়ে মদিনা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মালিক সোহেল আহম্মেদ এবং অফিস টাইমে প্রাইভেট ক্লিনিকে রোগী দেখার দায়ে ডাঃ দেলোয়ার হোসেনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিরুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। হাজীগঞ্জে ইভটিজিংয়ের দায়ে ছাত্রলীগ কর্মীর জেল হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা \ হাজীগঞ্জে ইভটিংজিংয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক এক ছাত্রলীগ কর্মীকে জেল দিয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের নেসী বাড়ির শহীদুল্লাহর ছেলে সজীবকে (১৮) ইভটিজিংয়ের অপরাধে বাড্ডা বাজারের লোকজন আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়। গাংনী কাথুলী ইউনিয়নে বাজেট ঘোষণা গাংনী (মেহেরপুর) সংবাদদাতা \ মেহেরপুরের গাংনী উপজেলার ১নং কাথুলী ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদের আয়োজনে এবং দি হঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সার্বিক সহযোগিতাই প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। নাসিরনগরে সার্ভার স্টেশন উদ্বোধন নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলা সার্ভার স্টেশনের উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী। মঙ্গলবার নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত এই সার্ভার স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এসময় উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাষ্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী, জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহিন আকন্দ, উপজেলা প্রকৌশলী ফজলুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ আবদুল মাজেদ, ওসি আবদুল কাদেরসহ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। চাটমোহরে সিএনজি অটোটেম্পো চুরি চাটমোহর (পাবনা) সংবাদদাতা \ একের পর এক বাই সাইকেল, মোটর সাইকেল চুরির ঘটনার সাথে এবার যোগ হলো সিএনজি চালিত অটোটেম্পো। সোমবার রাতে চাটমোহর উপজেলার মথুরাপুর মণ্ডলপাড়া গ্রাম থেকে চুরি হয়েছে একটি সিএনজি চালিত অটোটেম্পো। ঐ গ্রামের শাহজাহান আলীর ছেলে জামাল উদ্দিনের অটোটেম্পোটি সোমবার গভীর রাতে চোর চুরি করে নিয়ে যায়। লাকসামে ওসির বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা \ মঙ্গলবার রেল শ্রমিকদের সাথে অশোভন আচরণের প্রতিবাদে লাকসাম রেলওয়ে থানার ওসি সুভাস কান্তি দাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শ্রমিকরা। লাকসাম রেলওয়ে জংশন প্লাট ফরমে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোনাতলা পৌরসভার বাজেট ঘোষণা সোনাতলা (বগুড়া) সংবাদদাতা \ মঙ্গলবার সোনাতলা পৌরসভার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর কাউন্সিলর মোঃ তাজুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য ও বাজেট পেশ করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার মন্ডল। সাতক্ষীরা পুলিশ সুপারের মতবিনিময় সভা সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার মোল্যা মোঃ জাহাঙ্গীর হোসেনের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় সভা মঙ্গলবার পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নবাগত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমানউল্লাহ, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ। দিনাজপুরে বাসদের মানববন্ধন দিনাজপুর প্রতিনিধি \ গণতান্ত্রিক বাম মোর্চা ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনাজপুর জেলা বাসদের উদ্যোগে দিনাজপুর প্রেসক্লাব সম্মুখে তাজরীন ফ্যাশন, সাভারের রানা প্লাজাসহ সকল গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার ও ঢাকায় সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে। যশোরে অ্যাম্বুলেন্স ও বেকারিতে জরিমানা যশোর অফিস \ যশোরে অবৈধভাবে অ্যাম্বুলেন্স তৈরি ও যথাযথ কাগজপত্র না থাকায় ৪ অ্যাম্বুলেন্স চালককে এবং পণ্যের তথ্যাদি মোড়কে উল্লেখ না থাকায় ৪ বেকারি মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার শহরের দড়াটানায় এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তাড়াইল সদর ইউনিয়নের বাজেট ঘোষণা তাড়াইল (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ মঙ্গলবার কিশোরগঞ্জের তাড়াইল-সাচাইল সদর ইউনিয়ন পরিষদের ২০১৩-২০১৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ২০১২-২০১৩ অর্থবছরের উদ্বৃত্ত প্রারম্ভিক জের ৭০ হাজার ১১৯ টাকা ধরে মোট আয় দেখানো হয়েছে ৬২ লাখ ৭৭ হাজার ৩১৯ টাকা। পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মহাজনের সভাপতিত্বে এ বাজেট অধিবেশনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকী। গোপালগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা গোপালগঞ্জ প্রতিনিধি \ নতুন কোন করারোপ ছাড়াই ২০১৩-১৪ অর্থবছরের গোপালগঞ্জ পৌরসভার ৪৪ কোটি ৪৩ লাখ ৬৯ হাজার ৬১৬ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার গোপালগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র মোঃ রেজাউল হক সিকদার রাজু এ বাজেট ঘোষণা করেন। কোটালীপাড়ায় জনতা ব্যাংকের ঋণ আদায় ক্যাম্প কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জনতা ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ভ্রাম্যমাণ ক্যাম্প স্থাপন করে পল্লী ঋণ আদায় করা হয়েছে। মঙ্গলবার উপজেলার ধারাবাশাইল বাজারে ক্যাম্প স্থাপন করে কান্দি ইউনিয়নের ঋণ গ্রহীতাদের কাছ থেকে ২৫ লাখ টাকা আদায় করা হয়। টুঙ্গিপাড়ায় স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টার মতবিনিময় গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী মঙ্গলবার রাতে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বাস্থ্য উপদেষ্টা বক্তব্য রাখেন। পরে তিনি সাংবাদিকদের সম্মানে নৈশ ভোজের আয়োজন করেন। নেত্রকোনায় নারীর সংবাদ উপস্থাপন বিষয়ে মতবিনিময় নেত্রকোনা প্রতিনিধি \ গণমাধ্যমে নারীর সংবাদ উপস্থাপন বিষয়ক দিনব্যাপী মতবিনিময় সভা গতকাল বুধবার নেত্রকোনা জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংগঠন ‘বারসিকের’ ব্যবস্থাপনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুন্নাহার মান্নু। মূল বিষয় উপস্থাপন করেন বারসিকের সমন্বয়কারী ফেরদৌসী আক্তার। আলোচনা করেন জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শ্যামলেন্দু পাল, সম্পাদক এম মুখলেছুর রহমান খান, নারী নেত্রী কোহিনূর বেগম।