বেসিস সভাকক্ষে গত ১২জুন সকালে জাতীয় বাজেট ২০১৩-১৪ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফ্টওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বেসিস সভাপতি এ কে এম ফাহিম মাশরুর তার বক্তব্যে বলেন, ‘বাজেট ঘোষণার পূর্বেই অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে পৃথকভাবে তথ্যপ্রযুক্তি খাতের পক্ষ থেকে দুটি প্রস্তাব পেশ করা হয়েছিল। কিন্তু আমরা আশাহত যে, অর্থমন্ত্রী জাতীয় সংসদে গত ৬ জুন যে বাজেট পেশ করেছেন তাতে বেসিসের প্রস্তাবের কোনো প্রতিফলন ঘটেনি। ’ ফাহিম মাশরুর তথ্যপ্রযুক্তি খাতকে দেশের অতি গুরুত্বপূর্ণ একটি খাত হিসেবে উল্লেখ করে জানান, এ খাতে বিগত কয়েক বছরে উল্লেখযোগ্য পরিমাণে প্রবৃদ্ধি ঘটেছে। বিশেষত সফ্টওয়্যার ও আইটি সেবা রপ্তানী প্রবৃদ্ধি দেশের শীর্ষ ১৫টি রপ্তানী পণ্যের অন্যতম হিসেবে ইতিমধ্যেই পরিগণিত হয়েছে। বিগত ২০১১-১২ অর্থবছরে রপ্তানী প্রবৃদ্ধি ছিল ৫৬% এবং ২০১২-১৩ বর্ষেও এই প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন। সাম্প্রতিক সময়ে এ খাতে কর্মসংস্থানের সুযোগও বেড়েছে অন্যান্য খাতের তুলনায় অনেক বেশি বলেও উল্লেখ করেন বেসিস নেতৃবৃন্দ। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের সাথে সাথে ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ গড়ার যে রূপকল্প তৈরি করেছে তা বাস্তবায়নে তথ্য প্রযুক্তি বান্ধব একটি বাজেট খুবই অপরিহার্য ছিল, তাছাড়া এটি বর্তমান সরকারের আমলে সর্বশেষ বাজেট বিধায় ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি খাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য এই বাজেটে বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার ছিল বলেও বেসিস নেতৃবৃন্দ উল্লেখ করেন।
