নজরদারির আরো তথ্য ফাঁস করবেন স্নোডেন

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:১১
নিজেকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে লড়ার ঘোষণা দিয়েছেন হংকংয়ে অবস্থান নেয়া সিআইএ-র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নজরদারির আরো তথ্য তিনি উন্মোচন করবেন। এ খবর দিয়েছে ডন সংবাদপত্র। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সাধারণ মানুষের অনলাইন তত্পরতার ওপর নজদারি করছে বলে গণমাধ্যমের কাছে তথ্য ফাঁস করার পর পর হংকংয়ে চলে যান স্নোডেন। গত সোমবার হংকংয়ের হোটেল থেকে সরে পড়ার পর বুধবার দক্ষিণ চীনের মর্নিং পোস্ট পত্রিকার কাছেই প্রথম সাক্ষাত্কার দেন তিনি। সাক্ষাত্কারে তিনি বলেন, “আমি দেশদ্রোহীও নই, বীরও নই, আমি সাধারণ একজন আমেরিকান।” “যারা মনে করেন আমি হংকংয়ে অবস্থান নিয়ে ভুল করেছি তারা আমাকে ভুল বুঝছেন। আমি বিচার থেকে বাঁচার জন্য এখানে অবস্থান নেইনি। আমি এখানে এসেছি অপরাধ উন্মোচন করে দিতে।” যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন ‘পিআরআইএসএম’ (প্রিজম) কর্মসূচির মাধ্যমে গুগল, ফেইসবুক, টুইটার, স্কাইপের সার্ভার থেকে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ে নিচ্ছে বলে কয়েকদিন আগে ব্রিটেনের পত্রিকা গার্ডিয়ানের কাছে ফাঁস করেন স্নোডেন। সিআইএ’র সাবেক এই কম্পিউটার বিশেষজ্ঞ গার্ডিয়ানকে বলেন, মানুষের মৌলিক স্বাধীনতা রক্ষা করার জন্যই তিনি বিষয়টি ফাঁস করেছেন। ওদিকে, তথ্য ফাঁসের পর স্নোডেনের ভবিষ্যত্ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আরেক সাড়া জাগানো গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তিনি যুক্তরাষ্ট্রের হাত থেকে বাঁচতে তাকে লাতিন আমেরিকার কোনো দেশে আশ্রয় নেয়ার পরামর্শ দেন। সাক্ষাত্কারে স্নোডেন বলেন, “আমি চাই হংকংয়ের আদালত ও জনগণ আমার পরিণতির বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আপনাদের বিচার ব্যবস্থা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।” এর আগে গার্ডিয়ানের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও সাক্ষাত্কারে গোপন নজরদারির বিরোধিতা করে স্নোডেন বলেছিলেন, “এ ধরনের কাজ যেখানে করা হয় সে সমাজে আমি বাস করতে চাই না। আমি যা বলব তার সবকিছুই রেকর্ড হয়ে যাবে এমন বিশ্বেও আমি বাস করতে চাই না। আমি সমর্থন করতে চাই বা যার অধীনে আমি বসবাস করতে চাই এটি সে ধরনের কোনো বিষয় না।”