পরমাণু কর্মসুচি বাতিলে আলোচনায় বসতে ইরানের প্রতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার একইসঙ্গে তিনি হুমকি দিয়ে বলেছেন, ইরানে সামরিক হামলার বিষয়টিও উড়িয়ে দেওয়া যায় না। প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান মার্কিন রণতরী এবং বিমান লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছোঁড়ার হুমকি দিয়েছে।
ইরানের প্রভাবশালী বাহিনী রেভুলিউশনারি গার্ডের উপ-প্রধান (রাজনীতি) জাদোল্লা জাবানি বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করবে না। ইরানে হামলা চালানোর সাহস আমেরিকার নেই উল্লেখ করে জাবানি বলেন, ইরানিরা আমেরিকাকে বিশ্বাস করে না। গতকাল শুক্রবার জুমার নামাজের পর যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ করেন ইরানিরা। তারা সরকারের সিদ্ধান্তে সমর্থন জানান।
কট্টরপন্থি ধর্মীয় নেতা তাবাতাবাই নেজাদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতা করা যাবে না। প্রয়োজনে ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে কয়েক মিনিটের মধ্যে মার্কিন রণতরী এবং বিমান ধ্বংস করে দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে মার্কিন শীর্ষ কমান্ডার বলেছেন, প্রয়োজনে হরমুজ প্রণালীতে পাঠানো হবে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিংকন। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বি-৫২ বোমারু বিমান কাতারের ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের এসব পদক্ষেপকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে আখ্যায়িত করেছে। যুক্তরাষ্ট্রসহ ছয় জাতির সঙ্গে পরমাণু চুক্তি আংশিক বাতিল করেছে তেহরান। এর আগে গত বছর ২০১৫ সালে করা চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে দাঁড়ায়। -রয়টার্স
