ইমাম নিয়ে দুই দলের বিরোধে মসজিদে তালা

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:৩৯
মসজিদে ইমাম নিয়োগ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে ভূঞাপুরের চিতুলিয়াপাড়া জামে মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসী। জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া জামে মসজিদের বার্ষিক ইসলামী সম্মেলন ছিল গত ২৩ ফেব্রুয়ারি। ওইদিন ইসলামী সম্মেলন চলাকালীন আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই আওয়ামী লীগ নেতা আবু তালেব মিঞা ওরফে মাধু মেম্বার ও সুরুজ্জামান মাস্টারের লোকজনের মধ্যে মারামারি বেঁধে যায়। এতে পন্ড হয়ে যায় ইসলামী সম্মেলন । গ্রামবাসী প্রতিবাদ হিসেবে ৮জুন মসজিদে তালা ঝুলিয়ে দিয়েছে। বর্তমানে ইমাম নিয়োগ নিয়ে সৃষ্ট বিরোধ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ছড়িয়ে পড়েছে। এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আবু তালেব মিঞা ওরফে মাধু মেম্বার বলেন, ‘মসজিদে কেউ তালা দেয়নি। ইমাম সাহেব জামায়াত ইসলামের সাথে জড়িত। এ কারণে তার বিষয়ে কারো কারো আপত্তি রয়েছে। আশা করছি শুক্রবার সমস্যার সমাধান হয়ে যাবে।’