সিগনাল অমান্য করে বেপরোয়া গাড়ি চালিয়ে ট্রাফিক সার্জেন্ট রিয়াজ হত্যা মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত মো. অলিউল ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ছাত্র। তার বাবার নাম মো. শফিকুল ইসলাম। তিনি গুলশানের বাসিন্দা।
গতকাল বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় দেন। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়।
রায়ে উল্লেখ করা হয়, অলিউলের বেপরোয়া গাড়ি চালানোর কারণে তা থামাতে সিগনাল দিলে সে অমান্য করে হত্যার উদ্দেশ্যে সার্জেন্ট রিয়াজউদ্দিনকে পরিকল্পিতভাবে চাপা দেয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে।
রায় ঘোষণার সময় অলিউলকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় পড়ে শোনানোর পর সে কান্নায় ভেঙ্গে পড়ে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি নিবন্ধনহীন একটি গাড়ি নিয়ে অলিউল আইন ভেঙে সোনারগাঁও হোটেলের দিক থেকে দ্রুতগতিতে পান্থপথের বসুন্ধরা সিটির দিকে আসছিলেন। পান্থপথের বটতলায় সকাল সাড়ে ১০টায় দায়িত্ব পালনরত অবস্থায় সার্জেন্ট রিয়াজ তাকে থামার সংকেত দিলে অলিউল গাড়ি না থামিয়ে তাকে চাপা দিয়ে চলে যায়। পরে ২২ ফেব্রুয়ারি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় আসামির কোন ড্রাইভিং লাইসেন্সও ছিল না।
