গোপন নজরদারির ফলে বহু হামলা রুখে দেয়া সম্ভব হয়েছে

আপডেট : ১৩ জুন ২০১৩, ২৩:০৭
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) প্রধান গোপনে ইন্টারনেট ও ফোনে তথ্য সংগ্রহ ও বিশ্লে¬ষণের গোয়েন্দা কৌশল সমর্থন করে বলেছেন, এর ফলে বহু সন্ত্রাসী হামলা রুখে দেয়া সম্ভব হয়েছে। গত সপ্তাহে বিশ্বজুড়ে ব্যক্তিগত তথ্যের ওপর মার্কিন গোয়েন্দা নজরদারি কার্যক্রমের কথা ফাঁস হয়। এ নিয়ে এনএসএ পরিচালক কিথ আলেকজান্ডার মার্কিন সিনেটে এক শুনানিতে আইন প্রণেতাদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, তাদের নজরদারি কার্যক্রম যথাযথ আইনি ও বিচারিক তদারকিতেই পরিচালিত হয়ে থাকে। খবর এএফপির। সিআইএ’র সাবেক চুক্তিবদ্ধ কর্মী এডোয়ার্ড স্নোডেন বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির কথা ফাঁস করার পর কিথ প্রথমবার প্রকাশ্যে জেরার সম্মুখীন হলেন। গত সপ্তাহে স্নে¬াডেনের দেয়া তথ্য থেকে জানা যায়, প্রতিদিন সারা বিশ্বে লাখ লাখ ফোন, ই-মেইল ও অন্যান্য যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে অজস্র বার্তা বিনিময় হচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তার ওপর নজরদারি করছে। এনএসএ পরিচালক কিথ বলেন, তথ্য সংগ্রহ কার্যক্রম গোপনীয় কিন্তু এটি অনেক সন্ত্রাসী হামলার ঘটনা ঠেকাতে সহায়ক হয়েছে। মার্কিন সরকার ২০০৭ সালে চালু হওয়া তাদের প্রিজম কর্মসূচির আওতায় ইন্টারনেট থেকে বিভিন্ন কোম্পানির সার্ভারে ঢুকে ই-মেইল, ওয়েব চ্যাট ও অন্যান্য যোগাযোগের তথ্য সংগ্রহ করে।